রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু হওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ রুটে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবহণ দপ্তরের সমীক্ষা অনুযায়ী, কিছু রুটে যাত্রী বৃদ্ধির হার ২২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর ফলে বাসে অতিরিক্ত ভিড় এবং যাত্রী দুর্ভোগের অভিযোগ সামনে আসায় পরিস্থিতি সামাল দিতে কলকাতার ১৪টি ব্যস্ত রুটে অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর।

সম্প্রতি বিভিন্ন রুটে যাত্রীচাপের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে তার মধ্যে রয়েছে উল্টোডাঙা–ইকো স্পেস (নিউ টাউন), ইকো পার্ক–হাওড়া স্টেশন, উল্টোডাঙা–সেক্টর ফাইভ, যাদবপুর–করুণাময়ী, রথতলা–হাওড়া স্টেশন, উল্টোডাঙা–রুবি, হাওড়া স্টেশন–গড়িয়া, হাওড়া স্টেশন–বিমানবন্দর এবং রুবি–হাওড়া রুট।
দপ্তরের পর্যবেক্ষণে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। অভিযোগ, কিছু ক্ষেত্রে বাসচালক ও কন্ডাক্টররা বাসস্টপে মহিলা যাত্রীদের অপেক্ষা করতে দেখলেও বাস থামাচ্ছেন না। যেহেতু মহিলা যাত্রীদের টিকিট কাটতে হয় না, তাই এমন প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে পরিবহণ দপ্তর কড়া অবস্থান নিয়েছে। সব পরিবহণ নিগমকে জানানো হয়েছে, এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমীক্ষায় দেখা গিয়েছে, কিছু রুটে মহিলাদের যাত্রীসংখ্যা এতটাই বেড়েছে যে অফিস টাইমের বাইরে অন্যান্য সময়েও বাসে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিদিন বহু যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অতিরিক্ত বাস নামানো হলে অপেক্ষার সময় কমবে এবং ভিড়ও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছে দপ্তর।
বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের অধীনে ৩৬৮টি রুটে মোট ১,৭৮৩টি সরকারি বাস চলাচল করছে। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে আরও ৫০টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনাও রয়েছে। পরিবহণ দপ্তরের লক্ষ্য ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়িয়ে যাত্রী পরিষেবাকে আরও উন্নত করা। দপ্তরের কর্তাদের মতে, মহিলা যাত্রীদের দেখেও বাস না থামানোর অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই একদিকে যেমন বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে, অন্যদিকে পরিষেবার মান বজায় রাখতেও নজরদারি আরও জোরদার করা হবে।
{{/usCountry}}বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের অধীনে ৩৬৮টি রুটে মোট ১,৭৮৩টি সরকারি বাস চলাচল করছে। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে আরও ৫০টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনাও রয়েছে। পরিবহণ দপ্তরের লক্ষ্য ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়িয়ে যাত্রী পরিষেবাকে আরও উন্নত করা। দপ্তরের কর্তাদের মতে, মহিলা যাত্রীদের দেখেও বাস না থামানোর অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই একদিকে যেমন বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে, অন্যদিকে পরিষেবার মান বজায় রাখতেও নজরদারি আরও জোরদার করা হবে।
{{/usCountry}}