...
...
Next Story

‘রেফার’ রোগ নির্মূলে কড়া দাওয়াই স্বাস্থ্য দফতরের, চালু ‘বেড-ওয়াচ’ কন্ট্রোল রুম

'রেফার'-এর মতো গুরুতর পরিস্থিতি ঠেকাতে নয়া কন্ট্রোল রুম খুলল স্বাস্থ্য দফতর।

Published on: Feb 10, 2026, 12:14:35 IST
Advertisement

রোগীর প্রাণ যায় যায় অবস্থা। যে কোন মুহূর্তেই আসতে পারে মৃত্যু। পরিজনরা নিয়ে এসেছেন কোনও হাসপাতালে এমারজেন্সিতে, তাকে দেখে ‘রেফার’ করে দেওয়া হল অন্যত্র। অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হলে হয়তো বলা হল বেড নেই। এভাবে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। এই মুহুর্তে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মারাত্মক রোগ হল এই ‘রেফার রোগ।' আর সরকারি হাসপাতালের এই 'রেফার রোগ' সারাতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর।

‘রেফার’ রোগ নির্মূলে কড়া দাওয়াই স্বাস্থ্য দফতরের (সৌজন্যে টুইটার)
‘রেফার’ রোগ নির্মূলে কড়া দাওয়াই স্বাস্থ্য দফতরের (সৌজন্যে টুইটার)

'রেফার'-এর মতো গুরুতর পরিস্থিতি ঠেকাতে নয়া কন্ট্রোল রুম খুলল স্বাস্থ্য দফতর। সোমবার থেকেই কাজ শুরু করেছে নয়া কন্ট্রোল রুম। এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে থাকবেন ১২ জন আধিকারিক। তাঁদের নামও প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। ডা. দেবযানী বন্দ্যোপাধ্যায়, ডা. সুনেত্রা কবিরাজ রায়, ডা. তৌসিফ রবি, ডা. সুমন দত্ত, ডা. তনুজা কবির, ডা. সুস্মিতা চক্রবর্তী, ডা. জয়শ্রী পাঠক, দিলীপ কুমার গিরি গোস্বামী, জয়তী বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায়, তুহিন রায়, প্রীতম দাস থাকবেন স্বাস্থ‌্য ভবনের এই কন্ট্রোল রুমে। ফি দিন সোম থেকে শনি দুই শিফটে চলবে এই কন্ট্রোল রুম। প্রথম শিফট সকাল ন’টা থেকে দুপুর দু’টো। দ্বিতীয় শিফট দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা। দুটি শিফটে কন্ট্রোল রুমের কাজ ভাগ করে দেওয়ার মূল কারণ সরকারি হাসপাতালে কখনওই যেন অসুবিধায় না পড়েন আমজনতা।

কন্ট্রোল রুমের সদস‌্য ডা. জয়শ্রী পাঠক জানিয়েছেন, রেফার ব‌্যবস্থার তদারকির পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতালের ওপিডি ঠিক সময় খুলছে কিনা তার উপরেও নজর রাখবে কন্ট্রোল রুম। নিয়ম অনুযায়ী, প্রতিটি সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময় পর্যন্ত ওপিডি বিভাগ খোলা রাখতে হবে। তার আগে যেন চিকিৎসক ‘উধাও’ হয়ে না যান। সেদিকেও কড়া নজর রাখবে কন্ট্রোল রুম। এই প্রসঙ্গে কলকাতা মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, নয়া কন্ট্রোল রুমের ফলে রোগীর পরিবারের অনেকটাই সুরাহা হবে। যখনই গ্রাম থেকে রোগীকে শহরের কোনও হাসপাতালে রেফার করা হবে, দ্রুত গ্রামীণ হাসপাতালের আধিকারিকরা কন্ট্রোল রুমে ফোন করে জেনে নিতে পারবেন শহরের সংশ্লিষ্ট হাসপাতালে বেড খালি আছে কিনা। যেখানে বেড খালি রয়েছে সেখানেই পাঠানো হবে রোগীকে। এর ফলে হয়রানির শিকার হতে হবে না রোগীদের। নয়া এই কন্ট্রোল রুমের নম্বর (০৩৩)-২৩৩৩ ০৫৪২, (০৩৩) ২৩৫৭-৭৯২৬। কন্ট্রোল রুমের কাজকর্ম তদারকি করবেন স্বাস্থ‌্য দফতরের আধিকারিক ডা. দীপঙ্কর মাজি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe