...
...
Next Story

Rekha Patra: শরীরে বিষক্রিয়া, ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র! রাতারাতি কলকাতায় স্থানান্তর

শনিবার রাত প্রায় ৯টা নাগাদ নিজের হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা। পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করায় পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

Published on: Nov 22, 2026, 11:22:22 IST
Advertisement

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে ঠিক কী কারণে অসুস্থ হয়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। বিজেপি বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষক্রিয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। রবিবার সকালে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলেও উদ্বেগ ছড়িয়েছে।

BJP candidate from Basirhat constituency Rekha Patra (PTI)
BJP candidate from Basirhat constituency Rekha Patra (PTI)

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ নিজের হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা। পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করায় পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

সেখানেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বসিরহাটের হাসপাতালে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-তে রাখা হয়েছিল। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় হিঙ্গলগঞ্জের বিধায়ককে।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে ইন্টেনসিভ থেরাপি ইউনিটের (আইটিইউ) ১০ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন রেখা। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলেও জানা গিয়েছে। তবে কী ধরনের বিষক্রিয়া, কী ভাবে তা শরীরে প্রবেশ করল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। চিকিৎসকেরা আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে সন্দেশখালি আন্দোলনের সময় থেকেই রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। তৎকালীন শাসকদলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই আন্দোলনের জেরে জাতীয় রাজনীতিতেও নজর কাড়েন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে জয় পাননি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন তিনি।

রাজনৈতিক মহলে তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রেখা। নিজের রাজনৈতিক অবস্থান এবং দলের অভ্যন্তরীণ সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি।

তবে আপাতত রাজনীতির সমস্ত সমীকরণ ছাপিয়ে বড় হয়ে উঠেছে তাঁর শারীরিক অবস্থা। কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক? সত্যিই কি বিষক্রিয়া, নাকি অন্য কোনও শারীরিক জটিলতা? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেখা। তাঁর শারীরিক অবস্থার পরবর্তী আপডেটের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks