Baranagar Murder Case: বরানগরে তরুণী খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। ২৬ বছরে তরুণী অঞ্জলি সাউয়ের খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার 'প্রেমিক' ধর্মবীর কুমারকে। এবার বরাহনগরে ফ্ল্যাটে ‘খুন হওয়া’ তরুণীর ‘হারানো’ গয়না এবং মোবাইল উদ্ধার করল পুলিশ। ধৃত ‘প্রেমিক’ ধর্মবীর কুমারের কাছেই মিলেছে ওই সামগ্রীগুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের জেরায় ধর্মবীর কুমার জানিয়েছেন, ‘পাবজি’ খেলার সূত্রে গত কয়েক বছর ধরে অঞ্জলিকে চিনতেন তিনি। গত ৮ নভেম্বর কালীপুজোর দিন দক্ষিণেশ্বরে একটি গেস্ট হাউসে ওঠেন ধর্মবীর। ১০ নভেম্বর বরাহনগরে ‘প্রেমিকা’র জামাইবাবুর ফ্ল্যাটে উপস্থিত হন। সেখানে আর কেউ না থাকার সুযোগে অঞ্জলিকে তিনি খুন করেন বলে অভিযোগ। তার পর তাঁর গা থেকে সোনার গয়না-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে ফ্ল্যাট থেকে পালান।
জানা গিয়েছে, সে দিনই হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন ধরেছিলেন ধর্মবীর। তার পর নানা জায়গা ঘুরে দিল্লি যান। মোবাইল টাওয়ারের অবস্থানের সূত্র ধরে তার সন্ধান পান তদন্তকারীরা। শেষমেশ আনন্দ বিহার স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে। দিল্লি থেকে গ্রেফতারের পর তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। এরপর শনিবার বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এখনও অঞ্জলির দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাননি তদন্তকারীরা। তার অপেক্ষায় রয়েছেন তাঁরা। সেই রিপোর্ট তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। কীভাবে তরুণীর মৃত্যু হয়েছিল, ঘটনার সময় ঠিক কী ঘটেছিল এবং অভিযুক্তের বয়ানের সঙ্গে ময়নাতদন্তের তথ্যের কতটা মিল রয়েছে, তা খতিয়ে দেখা হবে। তদন্তকারীরা মনে করছেন, এই সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ এবং ঘটনার আগের ও পরের গতিবিধি সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। আপাতত ধর্মবীরের বয়ান, উদ্ধার হওয়া সামগ্রী এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।