স্থায়ী নিয়োগের পরিবর্তে সরকারি হাসপাতালে চুক্তির ভিত্তিতে এবার ২ হাজার চিকিৎসক নিয়োগ হবে। সরকারি হাসপাতালগুলিতে যে চিকিৎসকের ঘাটতি রয়েছে, তা এদিন মেনেও নেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

বেশ কিছু রিপোর্ট দাবি করছে, শুধু গ্রাম বা মফঃস্বলের দিকের হাসপাতালেই নয় শহর কলকাতার দিকের সরকারি হাসপাতালেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। চুক্তিভিক্তিক চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত বলেন, ‘যেখানে ঘাটতি পাব, সেখানেই চুক্তিভিক্তিক চিকিৎসকদের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে।’ জানা যাচ্ছে, স্বচ্ছতা বজায় রাখতে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ার কথা ভাবা হয়েছে। এর আগে, চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট-সহ হাসপাতাল পরিষেবার সঙ্গে যুক্ত সব ধরনের কর্মীদের নিয়োগে এর আগে উঠে এসেছে রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড। সেই প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত মাস আটেক সময় লাগত। সেই প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পিএসসি-র মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থকে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত দেড় বছর সময় লাগবে। তাই চুক্তিভিক্তিক নিয়োগের সিদ্ধান্ত।
এদিন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘দেড় বছর তো স্বাস্থ্য দফতর বসে থাকতে পারে না। সেই জন্য চুক্তিভিক্তিক কর্মচারী আমরা নেব।’ এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তার থেকে গ্রুপ ডি, যেখানে যেখানে দরকার, সেখানে চুক্তিভিত্তিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।’ এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, দু’হাজারের বেশি চিকিৎসক নেওয়ার পরিকল্পনা রয়েছে। নার্সিং স্টাফ নেওয়া হতে পারে আট থেকে ১০ হাজার। এদিকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স। সংগঠনের সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘পিএসসি-র নিয়োগে দেরি হয় ঠিকই, কিন্তু সেই ঘাটতি সামলানোর স্থায়ী সমাধান চুক্তিভিত্তিক নিয়োগ নয়।’ এদিকে, সংগঠনের তরফে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে বলে খবর।