বাংলাদেশের রাজনীতিতে ফের অশান্তির আবহ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামি লিগের রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অশান্তির খবরের মধ্যেই নিরাপত্তার নামে কার্যত সেনা-নির্ভর পরিস্থিতি তৈরি করছে তারেক রহমানের সরকার। দেশের আটটি জেলায় একসঙ্গে ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার—সর্বত্র নিরাপত্তার নামে বাড়ানো হচ্ছে বাহিনীর উপস্থিতি। প্রশ্ন উঠছে, জননিরাপত্তা নিশ্চিত করাই কি এই বিপুল বাহিনী মোতায়েনের একমাত্র উদ্দেশ্য, নাকি রাজনৈতিক বিরোধিতা সামাল দিতে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে তারেক রহমানের সরকার?

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এই মোতায়েনের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এমনকী ড্রোন, বডি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, গোপালগঞ্জে দু'টি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। অর্থাৎ, বিষয়টি শুধু দু-একটি এলাকায় সাময়িক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই।
কিন্তু কেন হঠাৎ এত নিরাপত্তার আয়োজন? এর পিছনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ দু'বছর নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি। হাসিনার এই ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। আওয়ামি লিগের সমর্থকদের মধ্যে নতুন করে রাজনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। অন্যদিকে, হাসিনার প্রত্যাবর্তনের বিরোধিতা করছে তারেক রহমানের সরকার।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত কয়েক দিন ধরে একের পর এক জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, বোমাবাজি ও অগ্নিসংযোগের খবর সামনে এসেছে। ১৮ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের অন্তত ২৮টি জেলায় বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন জায়গায় সরকারি ও রাজনৈতিক নেতাদের সম্পত্তিতে হামলার খবরও মিলেছে। এই পরিস্থিতির মধ্যেই ১৯ নভেম্বর দেশজুড়ে কর্মসূচির ডাক দিয়েছিল আওয়ামি লিগ।
{{/usCountry}}পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত কয়েক দিন ধরে একের পর এক জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, বোমাবাজি ও অগ্নিসংযোগের খবর সামনে এসেছে। ১৮ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের অন্তত ২৮টি জেলায় বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন জায়গায় সরকারি ও রাজনৈতিক নেতাদের সম্পত্তিতে হামলার খবরও মিলেছে। এই পরিস্থিতির মধ্যেই ১৯ নভেম্বর দেশজুড়ে কর্মসূচির ডাক দিয়েছিল আওয়ামি লিগ।
{{/usCountry}}এদিকে বিজিবির সংখ্যাও ক্রমশ বাড়ছে। ২২ নভেম্বর ৯৫ প্লাটুন, ২৩ নভেম্বর ৯৮ প্লাটুন এবং ২৪ নভেম্বর সেই সংখ্যা বেড়ে ১০১ প্লাটুন হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে নিরাপত্তার কড়াকড়ি।
তবে এই বিপুল বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্নও উঠছে। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে থাকা বিজিবিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় এত বড় সংখ্যায় নামাতে হচ্ছে কেন? জননিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে খর্ব না হয়, তা নিশ্চিত করবে কে? রাজনৈতিক বিরোধীদের দমনের হাতিয়ার হিসেবে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।
ভারতের কাছেও বাংলাদেশের এই অস্থিরতা যথেষ্ট উদ্বেগের। প্রতিবেশী দেশে রাজনৈতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর তার প্রভাব পড়তে পারে। তাই ঢাকার পরিস্থিতির দিকে নজর রাখা প্রয়োজন দিল্লিরও।
সব মিলিয়ে, হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত। তারেক রহমানের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বললেও ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সরকারের উদ্বেগের মাত্রা স্পষ্ট করছে। প্রশ্ন একটাই—জনগণের আস্থা অর্জন করেই কি পরিস্থিতি সামলাবে ঢাকা, নাকি বাহিনীর শক্তি দেখিয়ে রাজনৈতিক বিরোধিতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চলবে?
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।