এটা ক্রাইম - আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দাবি করেন, আজ সকাল ছ'টা থেকে এই অপারেশনটা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যখন অফিসে প্রায় কেউ ছিল না। ফাঁকা অফিসে অভিযান চালিয়েছে ইডি। ফরেন্সিক টিম এনে ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করেছে। এটা অপরাধ। তা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ইডি সব টেবিল ফাঁকা করে দিয়েছে। নির্বাচন সংক্রান্ত নথি ‘লুঠ’ করেছে। হার্ডডিস্ক, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত নথি নিয়ে নেওয়া হয়েছে। নতুন নথি বানাতে নির্বাচন পেরিয়ে যাবে বলে উষ্মাপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।
তৃণমূল কর্মীদের প্রতিবাদে নামার ডাক মমতার

তবে তাতে তৃণমূলকে রোখা যাবে না বলে হুংকার দিয়েছেন মমতা। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে ক্ষমতা থাকলে সামনা-সামনি লড়াই করুক। এখন বিভিন্ন নথি ছিনতাই করা হলেও তাঁরা নতুন করে সব তৈরি করবেন। তৃণমূলের কর্মীরা বীর। তাঁরা লড়াই করতে জানেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, যতক্ষণ না পুরো বিষয়টা মিটে যাচ্ছে এবং আইপ্যাকের কর্ণধার সল্টলেকের অফিসে আসছেন, ততক্ষণ তিনি সল্টলেকেই থাকছেন। তবে রাজ্যের সমস্ত ব্লক এবং ওয়ার্ডে বিকেল চারটেয় প্রতিবাদ কর্মসূচিতে নামার ডাক দিয়েছেন তৃণমূল নেতা-কর্মীদের। যাঁদের এসআইআরের কাজ আছে, তাঁদের অবশ্য সেদিকে মন দিতে বলেছেন।
সাদা গাড়িতে কী কী তোলা হয়েছে? জানালেন মমতা
কিন্তু তিনি আইপ্যাকের দফতরে আসার পরে সাদা গাড়িতে কী কী তোলা হয়েছে, সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, ছড়িয়ে-ছিটিয়ে কাগজ, নথি, ফাইল পড়েছিল। সেগুলো তৃণমূলের কাগজপত্র। সেগুলিই গাড়িতে তোলা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, তৃণমূলের সঙ্গে যে আইপ্যাক যুক্ত আছে, সেটা আইনিভাবেই নথিভুক্ত। তাঁরা নিয়ম মেনে আয়কর দেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন যে বিজেপির মতো বেনামি সংস্থার সঙ্গে কাজ করে না তৃণমূল। সর্বভারতীয় তৃণমূলের নথিভুক্ত তালিকায় আছে আইপ্যাক।
কীভাবে নথি বের করতে আনতে পারলেন মুখ্যমন্ত্রী?
যদিও ইডির তল্লাশি অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী সেই নথি বের করে আনলেন, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সংস্থার তরফে কিছু জানানো হয়নি। প্রতীকের বাড়ি থেকে মমতা যে সবুজ ফাইল বের করে আনেন, তা নিয়েও কিছু জানাননি কেন্দ্রীয় সংস্থার অফিসাররা।
{{/usCountry}}যদিও ইডির তল্লাশি অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী সেই নথি বের করে আনলেন, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সংস্থার তরফে কিছু জানানো হয়নি। প্রতীকের বাড়ি থেকে মমতা যে সবুজ ফাইল বের করে আনেন, তা নিয়েও কিছু জানাননি কেন্দ্রীয় সংস্থার অফিসাররা।
{{/usCountry}}