...
...
Next Story

বাংলায় গ্রেফতার জইশ জঙ্গি, নিউটাউন সংযোগে বাড়ছে রহস্য, নিশানায় শুভেন্দু?

ধৃতের নাম হামিদ মণ্ডল। তবে এই নামটি আসল নাকি ভুয়ো পরিচয় ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, সাজ্জাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ এই হামিদ। এই সাজ্জাদ পুলওয়ামা হামলায় জড়িত ছিল।

Published on: Jul 31, 2026, 12:31:05 IST
Advertisement

পশ্চিমবঙ্গের বর্ধমান শহর থেকে জঙ্গি-যোগের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা এবং পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (JeM) সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধৃতের নাম হামিদ মণ্ডল। তবে এই নামটি আসল নাকি ভুয়ো পরিচয় ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, সাজ্জাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ এই হামিদ। এই সাজ্জাদ পুলওয়ামা হামলায় জড়িত ছিল।

পশ্চিমবঙ্গের বর্ধমান শহর থেকে জঙ্গি-যোগের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স
পশ্চিমবঙ্গের বর্ধমান শহর থেকে জঙ্গি-যোগের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স

এসটিএফ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে বর্ধমানের অভিজাত আবাসন ‘রেনেসাঁ কমপ্লেক্স’-এর একটি ভাড়া ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন হামিদ। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেফতার করা হয়। এরপর তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে।

তদন্তে আরও জানা গিয়েছে, বর্ধমানে আসার আগে হামিদ কলকাতার নিউটাউনের একটি আবাসনে ভাড়া থাকতেন। ওই আবাসনের অবস্থান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটের খুব কাছাকাছি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। এসটিএফের দাবি, ধৃত যুবক মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখতেন এবং তিনি যে রাস্তাগুলি ব্যবহার করতেন, সেগুলির একাধিকবার রেকি বা পর্যবেক্ষণ করেছিলেন। এই তথ্যের সত্যতা যাচাই করতে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে তদন্তে নতুন মাত্রা যোগ করেছে ধৃতের নাগরিকত্ব নিয়ে জল্পনা। কয়েকটি গোয়েন্দা সূত্রের দাবি, হামিদ আদতে পাকিস্তানের নাগরিক হতে পারেন। যদিও এই তথ্য এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। তাঁর পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা সংক্রান্ত নথি এবং অন্যান্য পরিচয় যাচাই করে প্রকৃত পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

এসটিএফ ইতিমধ্যেই বর্ধমান এবং নিউটাউনের যে ফ্ল্যাটগুলিতে হামিদ ভাড়া থাকতেন, সেগুলির মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাঁরা কীভাবে ভাড়াটিয়ার পরিচয় যাচাই করেছিলেন, পুলিশের কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল কি না এবং হামিদের দৈনন্দিন চলাফেরা সম্পর্কে তাঁদের কোনও সন্দেহ হয়েছিল কি না, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীদের মতে, এই গ্রেফতারি শুধুমাত্র একজন সন্দেহভাজনকে আটক করার ঘটনা নয়; এর মাধ্যমে বড় কোনও জঙ্গি নেটওয়ার্ক বা ষড়যন্ত্রের সূত্র মিলতে পারে। সেই কারণে গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এসটিএফ এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe