...
...
Next Story

Kolkata Club Bomb Blast: ভোটের মুখে বিস্ফোরণ কলকাতার ক্লাবে, ঘরে বোমা থাকার দাবি, চাল উড়ে ৬ তলার ছাদে

ক্লাবঘরের টিনের চাল গিয়ে পড়ে পাশের ছ’তলা বাড়ির ছাদে। এদিকে বিস্ফোরণের জেরে ক্লাবঘরে আগুন ধরে যায়। এই ঘটনার আবহে সংবাদমাধ্যমের কাছে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সেই ক্লাবঘরে বোমা রাখা ছিল। এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের তীব্রতা অনেকটাই ছিল।

Published on: Mar 7, 2026, 12:15:48 IST
By
Prefer HTon Google
Advertisement

আজ সকাল সকাল উত্তর কলকাতার পাইকপাড়ায় অবস্থিত একটি ক্লাবঘরে বিস্ফোরণ ঘটে। ঘটনার খবর পেয়েই সেখানে যায় পুলিশ। এরই সঙ্গে পুলিশের বম্ব স্কোয়াডও পৌঁছায় সেখানে। জানা গিয়েছে, একাধিক বিস্ফোরণ ঘটে সেই ক্লাবঘরে। বিস্ফোরণের জেরে ক্লাবের টিনের চাল উড়ে যায়। সেই টিনের চাল গিয়ে পড়ে পাশের ছ’তলা বাড়ির ছাদে। এদিকে বিস্ফোরণের জেরে ক্লাবঘরে আগুন ধরে যায়। এই ঘটনার আবহে সংবাদমাধ্যমের কাছে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সেই ক্লাবঘরে বোমা রাখা ছিল। এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের তীব্রতা অনেকটাই ছিল।

উত্তর কলকাতার পাইকপাড়ায় অবস্থিত একটি ক্লাবঘরে বিস্ফোরণ ঘটে।
উত্তর কলকাতার পাইকপাড়ায় অবস্থিত একটি ক্লাবঘরে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের জেরে ক্লাবঘরের টিন উড়ে যাওয়ার পাশাপাশি দেওয়ালও ভেঙে গিয়েছে। আজ সকাল ৬টা ১৫ মিনিটে এই বোমা বিস্ফোরণটি ঘটে। এই ক্লাবঘরটি বিগত ৭ বছর ধরে পরিত্যক্ত ছিল বলে জানা গিয়েছে। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ২০-২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছোয় চিৎপুর থানার পুলিশ এবং দমকল। পরে বেলা গড়াতেই আসে বম্ব স্কোয়াড।

পুলিশ তল্লাশি করে ক্লাবঘরের ভিতরে বিস্ফোরকের হদিশ পেয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। এই বোমা কোনও নাশকতার জন্য মজুত করা ছিল নাকি প্রোমোটিংয়ের জন্য এই ক্লাবঘরটিকে ধ্বংস করাই এই বিস্ফোরণের উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই আবহে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে পরিত্যক্ত ক্লাবঘরে থাকা বাকি বোমাগুলি নিয়ে গিয়ে পুলিশ তা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

এর আগে সাম্প্রতিককালে কলকাতা এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। কলকাতার নগরদায়রা আদালত, পাসপোর্ট অফিস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতাঙ্ক ছড়িয়ে পড়েছে সম্প্রতি। এদিকে বীরভূম জেলার সাঁইথিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রেললাইনে বোমা পাওয়া গিয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। এছাড়াও ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক নিম্ন আদালতকে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সিউড়ি, আসানসোল জেলা আদালত এবং ঝাড়খণ্ডের ধানবাদের দেওয়ানি আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। যদিও এই সব হামলার হুমকি ভুয়ো ছিল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe