Kolkata DCP Summoned by ED: রবিবার ভোর থেকে বালিগঞ্জে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল। প্রায় ২০ ঘণ্টা ধরে সেই অভিযান চলেছিল। আর আজ শান্তনু সিংহকে জেরার জন্য তলব করল ইডি। আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে শান্তনুর ছেলেকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। ভোটের কয়েকদিন আগে এই তল্লাশি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৯ এপ্রিল শান্তনুর বালিগঞ্জ ফার্ন রোডের বাড়িতে হাজির হন ইডির অফিসাররা। ইডির আধিকারিকরা জানান, বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলা সংক্রান্ত আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় সেই অভিযান চালানো হয়। এছাড়া তাঁর ভাড়া দেওয়া বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চলে। পরে শান্তনু সিংহ বিশ্বাসের পুত্রকে নিয়ে ইডির টিম পার্ক স্ট্রিটের অকল্যান্ড রোডে যায়। সেখানে শান্তনু পুত্রের একটি কোচিং সেন্টার রয়েছে। শান্তনুর ছেলের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। তবে শান্তনুর ছেলে তল্লাশি অভিযান প্রসঙ্গে বলেন, 'সাধারণ একটি তদন্ত চলছে। সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলেছেন। সব ঠিক আছে।'
এদিকে শান্তনুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে তাঁর ছেলে বলেছিলেন, 'এটা শুভেন্দু অধিকারীর চাল। আর কিছু না।' এমনিতে শান্তনুর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছে বিজেপি। দিনকয়েক আগেই পদ্মশিবিরের তরফে অভিযোগ করা হয়, প্রকাশ্য মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন তিনি। আবার গত বছর অগস্টে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অভিযোগ করেছিলেন, বেআইনিভাবে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। করা হয়েছে পদোন্নতিও। সেইসঙ্গে পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে কলকাতা পুলিশের পরিবারের সদস্যদের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, সেটার চিত্রনাট্য শান্তনুই তৈরি করেছিলেন বলে অভিযোগও তুলেছিলেন শুভেন্দু।