Kolkata Hotel Fire Latest Update: 'আইনকে গুলি মেরে' কাজ! কলকাতার অগ্নিকাণ্ডে সুজিতকে নিশানা প্রাক্তন দমকল কর্তার

Kolkata Hotel Fire Latest Update: কলকাতার হোটেলের অগ্নিকাণ্ড নিয়ে সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগে। তার জেরে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বাংলাদেশিরাও আছেন।

Published on: Aug 19, 2026, 13:23:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kolkata Hotel Fire Latest Update: কলকাতার হোটেলের অগ্নিকাণ্ডের পরে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের দিকে আঙুল উঠেছে। আর এবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন দমকল কর্তা। সংবাদমাধ্যম এবিপি আনন্দে প্রাক্তন দমকল কর্তা উদয় অধিকারী অভিযোগ করেছেন, দমকলের আইনে যে যে নিয়ম আছে, সেগুলিকে বুড়ো আঙুল দেখিয়ে তৎকালীন মন্ত্রী সুজিত বসু নিজেদের খেয়ালখুশি মতো নির্দেশিকা বের করতেন। তারই ফল ভুগতে হচ্ছে এখন। এমন ব্যবস্থা করা হয়েছিল যে হোটেল কর্তৃপক্ষ নিজেরাই বলে দেবে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা একদম ঠিকঠাক আছে। তাতে হস্তক্ষেপ করতে পারতেন না দমকল অফিসাররা। 'আইনকে গুলি মেরে' কাজ করা হত বলে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন দমকল কর্তা।

কলকাতার হোটেলের অগ্নিকাণ্ড নিয়ে সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। (ছবি সৌজন্যে এএনআই ফাইল এবং পিটিআই)
কলকাতার হোটেলের অগ্নিকাণ্ড নিয়ে সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। (ছবি সৌজন্যে এএনআই ফাইল এবং পিটিআই)

রাজ্যের সমস্ত হোটেল ও গেস্ট হাউসের অডিটের সিদ্ধান্ত

সেই রেশ ধরে মির্জা গালিব স্ট্রিটের হোটেলের অগ্নিকাণ্ডে তদন্তের জন্য সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সেইসঙ্গে পশ্চিমবঙ্গে যত বেসরকারি গেস্ট হাউস এবং হোটেল আছে, সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কারণ তারাপীঠের মতোই কলকাতার হোটেলের অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও নিয়মের তোয়াক্কা না করে রমরমিয়ে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। অথচ পূর্বতন সরকার চোখ বন্ধ করেছিল বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: WB Minister on Hotel Fire: মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে অগ্নিমিত্রার প্রশ্নবাণ KMC, CESC-র দিকে, তৃণমূলকে তোপ

দুর্নীতির শিকড়ে পৌঁছানোর আশ্বাস রাজ্যের

বুধবার দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অভিশাপ বহন করতে হচ্ছে বিজেপি সরকারকে। গত কয়েক বছরে ব্যাঙের ছাতার মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে হোটেল গজিয়ে উঠেছে। তোয়াক্কা করা হয়নি কোনও নিয়মের। তারপরও সরকারি লাইসেন্স পেয়ে গিয়েছে। সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির শিকড়ে পৌঁছানো হবে বলেও আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন? প্রস্তুত হন, টাকা ঢুকবে...

কলকাতার অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মোদীর

তারইমধ্যে মির্জা গালিব স্ট্রিটের হোটেলের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ঘটনায় এক শিশু-সহ কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন। সেই ঘটনায় শোকপ্রকাশ করে মোদী বলেছেন, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More