...
...
Next Story

Kolkata Metro Update: কলকাতা মেট্রোয় দুর্ভোগের শিকার হবেন যাত্রীরা, পরপর চার রবিবার আংশিক বন্ধ থাকবে ব্লু লাইন

রক্ষণাবেক্ষণের কাজের জন্য পরপর চারটি রবিবার ব্লু লাইনে আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শুধু তাই নয়, ডিসেম্বর মাসের আরও একটি রবিবারেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Published on: Nov 14, 2026, 08:13:22 IST
Advertisement

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড়সড় দুঃসংবাদ। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পরপর চারটি রবিবার ব্লু লাইনে আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শুধু তাই নয়, ডিসেম্বর মাসের আরও একটি রবিবারেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ফলে সপ্তাহের শেষ দিনে মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা করা নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলকেই আগেভাগে সতর্ক হতে হবে।

রক্ষণাবেক্ষণের কাজের জন্য পরপর চারটি রবিবার ব্লু লাইনে আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য পরপর চারটি রবিবার ব্লু লাইনে আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর—এই চারটি রবিবার ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ, টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাতায়াতকারী যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হবে।

কেন এই সিদ্ধান্ত? মেট্রো রেল সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যবর্তী অংশে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই কাজের জন্য প্রয়োজন ট্রাফিক ব্লক এবং পাওয়ার ব্লক। অর্থাৎ, মেট্রো চলাচল বন্ধ রেখে বিদ্যুৎ সরবরাহ ও রেলপথের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিকাঠামো পরীক্ষা এবং মেরামতির কাজ করা হবে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার নির্ভরযোগ্যতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

তবে এই চার রবিবারে পুরো ব্লু লাইন বন্ধ থাকবে না। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে আপ ও ডাউন—দুই দিকেই মেট্রো চলবে। রবিবারের বিশেষ সূচি অনুযায়ী, প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার এবং আপ লাইনে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। সন্ধ্যা ৬টার পর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা। শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

এই পরিস্থিতিতে বিশেষ করে টালিগঞ্জ, নেতাজি, গীতাঞ্জলি, কবি নজরুল, মাস্টারদা সূর্য সেন, যাদবপুর সংলগ্ন এলাকার যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে আগাম পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লেখিত দিনগুলিতে বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী সরাসরি মেট্রো পরিষেবাতেও পরিবর্তন থাকবে।

তবে ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবারের নিয়মিত সূচি কার্যকর থাকবে। সব মিলিয়ে নভেম্বর ও ডিসেম্বরের রবিবারগুলিতে মেট্রোযাত্রীদের জন্য বাড়তি ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে মেট্রোর পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks