...
...
Next Story

Kolkata Police Fuel Update: দেশে তেলের সংকট না থাকলেও কলকাতা পুলিশের ভাণ্ডারে টান, ধারে কিনবে জ্বালানি!

ট্রাফিক গার্ড এবং থানাগুলিকে জরুরি প্রয়োজন ছাড়া জ্বালানি ব্যবহারে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। রিপোর্টে দাবি করা হয়েছে, এপ্রিলের প্রথম দিকে শেষ হয়ে যেতে পারে কলকাতা পুলিশের তেলের ভাণ্ডার। এদিকে সরকার নাকি ১০ কোটি টাকা বরাদ্দে এখনও ছাড়পত্র দেয়নি।

Published on: Mar 29, 2026, 08:46:11 IST
Advertisement

ইরান যুদ্ধের প্রভাব গিয়ে পড়ল এবার লালবাজারে। বিশ্বের বহু দেশেই ইরান যুদ্ধের জেরে তেলের সঙ্কট দেখা দিয়েছে। তবে সার্বিক ভাবে ভারতে তেমন কোনও পরিস্থিতি এখনও দেখা যায়নি। মোটামুটি সর্বত্রই তেল মিলছে। তবে কলকাতা পুলিশের তেলের ভাণ্ডারে টান পড়েছে বলে দাবি কার হয়েছে রিপোর্টে। এই আবহে জরুরি প্রয়োজন ছাড়া জ্বালানি ব্যবহারে সতর্ক করা হয়েছে ট্রাফিক গার্ডগুলিকে। এছাড়া থানাগুলিকেও গাড়ি ব্যবহারের বিষয়ে বার্তা দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। প্রসঙ্গত, পুলিশের কাজ শহরকে নিরাপদ রাখা। এই আবহে সারাদিন বিভিন্ন জায়গায় টহল দেয় পুলিশের গাড়ি। পুলিশের অফিসাররা বাইকে করে যান বিভিন্ন জায়গায়। এই আবহে স্বভাবতই পুলিশের অনেকটা তেলের প্রয়োজন পড়ে দৈনন্দিন কর্তব্য পালনের জন্য। এরই সঙ্গে ভোট ঘনিয়ে আসছে। রাজনৈতিক কর্মসূচি বা কোনও বিক্ষোভ ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়। সেখানেও গাড়ির ব্যবহার করা হয়।

ট্রাফিক গার্ড এবং থানাগুলিকে জরুরি প্রয়োজন ছাড়া জ্বালানি ব্যবহারে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে (PTI)
ট্রাফিক গার্ড এবং থানাগুলিকে জরুরি প্রয়োজন ছাড়া জ্বালানি ব্যবহারে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে (PTI)

রিপোর্টে দাবি করা হয়েছে, এপ্রিলের প্রথম দিকে শেষ হয়ে যেতে পারে কলকাতা পুলিশের তেলের ভাণ্ডার। এদিকে সরকার নাকি ১০ কোটি টাকা বরাদ্দে এখনও ছাড়পত্র দেয়নি। এরই মাঝে আবার বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। ৩১ মার্চের মধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বাহিনী মোতায়েন করতেও যানবাহনের প্রয়োজন। তাই চাই জ্বালানি। এই আবহে ধারে তেল কিনতে চলেছে পুলিশ। দাবি করা হয়েছে ,কিছু তালিকাভুক্ত পেট্রোল পাম্পের কাছে কলকাতা পুলিশ অনুরোধ করেছে যাতে ধারে তাদের তেল দেওয়া হয়।

উল্লেখ্য, ভারতে এমনিতে তেলের সংকট নেই। তবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম রকেট গতিতে ছুটছে ইরান যুদ্ধের জেরে। এই আবহে জ্বালানি সংস্থাগুলির ওপর চাপ কমাতে এবং ঘরোয়া বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পেট্রোল-ডিজেলে অতিরিক্ত আবগারি শুল্ক বা স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এদিকে কলকাতায় এখন পেট্রোল লিটার পিছু ১০৫.৪১ টাকায় বিকোচ্ছে। আর ডিজেল বিকোচ্ছে ৯২.০২ টাকায়। তবে এত কিছুর মাঝেও অন্যন্য দেশের মতো ভারতে পেট্রোল পাম্পগুলিতে নেই কোনও লম্বা লাইন। স্বাভাবিক গতিতেই ছুটছে যানবাহন। হরমুজ প্রণালী দিয়ে অধিকাংশ দেশের জাহাজ পাড়ি দিতে না পারলেও ভারতের ট্যাঙ্কারও আসছে কয়েকটি করে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe