Tram and Bus in Bengal: রাস্তার বাঁ-দিক ঘেঁষে ট্রাম চালানো হবে বলে জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বুধবার কলকাতায় একটি বণিক গোষ্ঠীর অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ট্রাম যদি রাস্তার মাঝখান দিয়ে চালানো হয়, তাহলে অন্যান্য যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়। দুর্ঘটনারও আশঙ্কা থাকে। সেই পরিস্থিতিতে রাস্তার বাঁ-দিক ঘেঁষে ট্রাম চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সল্টলেক এবং নিউ টাউনে ট্রাম চালানোর পরিকল্পনা আছে। কালীঘাট-দক্ষিণেশ্বর রুটেও ট্রাম চালানোর বিষয়টি ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে আপাতত উত্তরবঙ্গে ট্রাম চালানোর পরিকল্পনা করা হচ্ছে না বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
কালীঘাট-দক্ষিণেশ্বর রুটের সময় বিশেষ পরিকল্পনা

কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরকে যুক্ত করা যে ট্রাম চলবে, সেটা মূলত পর্যটনের দিকে তাকিয়ে করা হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। বুধবার বণিকসভার অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, এসি ট্রাম চালানো হবে সেই রুটে। তাছাড়াও সার্বিকভাবে বিদেশের ধাঁচে ট্রাম চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী।
নয়া সরকারি বাস নামানোর চেষ্টা করা হচ্ছে
তারইমধ্যে বুধবার সরকারি বাস নিয়েও পরিবহণ মন্ত্রী মুখ খুলেছেন। সেই রেশ ধরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত সরকারি বাস নেই। মাসচারেক আগে ৬০টি বাস আনা হয়েছিল। সেগুলি এখন পুরোদমে চালানো হচ্ছে। সেই পরিস্থিতিতে নতুন করে ৪৭০টি বাস রাস্তায় নামানোর চেষ্টা করছে সরকার। সেইসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ই-বাসের ক্ষেত্রে পর্যাপ্ত চার্জিং পয়েন্টের অভাব আছে। সেই সমস্যা পুজোর আগেই মিটিয়ে ফেলার উপরে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
ট্রাম নিয়ে কী কী পরিকল্পনা রাজ্যের?
{{/usCountry}}ট্রাম নিয়ে কী কী পরিকল্পনা রাজ্যের?
{{/usCountry}}১) কালীঘাট এবং দক্ষিণেশ্বরকে যুক্ত করার জন্য হুগলি নদী এবং আদি গঙ্গা বরাবর ট্রামলাইন তৈরি করা যায় কিনা, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে রাজ্যের পরিবহণ দফতর এবং রাইটস।
২) কীভাবে ট্রামকে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে রাইটসকে ব্লু-প্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ রাজ্য সরকার মনে করছে যে শুধুমাত্র ঐতিহ্যের জন্য নয়, বরং কলকাতার যানজটের সমস্যা ও দূষণ কমানোর জন্য ট্রাম ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।