...
...
Next Story

চিনা পরিচয়ে কলকাতার ট্যাংরায় বসবাস! ইন্দোনেশীয় মহিলা গ্রেফতার, চিনের সঙ্গে যোগাযোগ নিয়ে তদন্তে পুলিশ

সম্প্রতি উত্তরপ্রদেশের ভারত-নেপাল সীমান্তের সোনৌলি চেকপোস্টে তাঁকে গ্রেফতার করেন অভিবাসন দপ্তরের আধিকারিকেরা। এবার ওই মহিলার কলকাতা-যোগ খতিয়ে দেখতে শহরে আসছে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল।

Published on: Nov 14, 2026, 13:05:13 IST
Advertisement

কলকাতার ট্যাংরায় চিনা নাগরিক পরিচয়ে বসবাসের অভিযোগে গ্রেফতার এক ইন্দোনেশীয় মহিলা। তাঁর আসল নাম রোহানা। কিন্তু ভারতীয় নথিতে তিনি পরিচিত ছিলেন ‘লি কিম লিয়ান’ নামে। শুধু তাই নয়, নিজের পরিচয় গোপন করে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডও তৈরি করেছিলেন বলে অভিযোগ। সম্প্রতি উত্তরপ্রদেশের ভারত-নেপাল সীমান্তের সোনৌলি চেকপোস্টে তাঁকে গ্রেফতার করেন অভিবাসন দপ্তরের আধিকারিকেরা। এবার ওই মহিলার কলকাতা-যোগ খতিয়ে দেখতে শহরে আসছে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল। তাঁর সঙ্গে চিনের যোগাযোগ এবং কলকাতায় একটি বৌদ্ধধর্ম সংক্রান্ত সংস্থার কাজকর্ম নিয়েও তদন্ত শুরু হয়েছে।

কলকাতার ট্যাংরায় চিনা নাগরিক পরিচয়ে বসবাসের অভিযোগে গ্রেফতার এক ইন্দোনেশীয় মহিলা।
কলকাতার ট্যাংরায় চিনা নাগরিক পরিচয়ে বসবাসের অভিযোগে গ্রেফতার এক ইন্দোনেশীয় মহিলা।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার ইন্দোনেশীয় পাসপোর্টে নাম রয়েছে রোহানা। বয়স ৫৬ বছর। ২০০৫ সালে ইন্দোনেশিয়া থেকে ভারতে এসেছিলেন তিনি। অভিযোগ, তারপর থেকে নিজের আসল পরিচয় গোপন করে লি কিম লিয়ান নামে বসবাস করছিলেন। তাঁর ভারতীয় ভোটার পরিচয়পত্রে ঠিকানা হিসেবে রয়েছে কলকাতার ট্যাংরার নিউ ট্যাংরা রোড। পরিচয়পত্রে বাবার নাম দেওয়া হয়েছিল লি চিন সেন। ভোটার কার্ডে জন্মতারিখ উল্লেখ রয়েছে ২৯ জুন ১৯৭৫। অথচ ইন্দোনেশীয় পাসপোর্টে তাঁর জন্মতারিখ ২০ অক্টোবর ১৯৭০।

গত ১০ নভেম্বর নেপালে যাওয়ার জন্য সোনৌলি সীমান্তের অভিবাসন দপ্তরে পৌঁছন ওই মহিলা। রাত সাড়ে সাতটা নাগাদ পরিচয়পত্র পরীক্ষার সময় তাঁর কথাবার্তা এবং আচরণ দেখে সন্দেহ হয় আধিকারিকদের। বিশেষ করে তিনি সাবলীল ভাবে হিন্দিতে কথা বলতে পারছিলেন না। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে ভারতীয় ভোটার কার্ড দেখান। পরে তাঁর কাছ থেকে ইন্দোনেশীয় পাসপোর্ট উদ্ধার হয়। তাতেই সামনে আসে আসল পরিচয়।

জেরায় রোহানা দাবি করেছেন, কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান হিসেবে কাজ করতেন তিনি। ওই সংস্থা চিনে বৌদ্ধ সন্ন্যাসীদের যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দিত বলে জানিয়েছেন তিনি। লাদাখের এক বাসিন্দার সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। চিন, জাপান এবং তাইওয়ান সফরের তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কলকাতায় আসছে উত্তরপ্রদেশ পুলিশের দল

এই ঘটনার কলকাতা-যোগ খতিয়ে দেখতে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল শহরে আসছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গেও যোগাযোগ করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ওই মহিলার তৈরি করা ভারতীয় পরিচয়পত্রগুলি কী ভাবে পাওয়া গিয়েছিল, তার পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতারণা, জাল নথি তৈরি, জাল নথি ব্যবহার এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। তবে চিনের হয়ে চরবৃত্তি বা কোনও গুপ্তচরবৃত্তির সঙ্গে তাঁর যোগ রয়েছে, এমন কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। তদন্তকারীরা জানিয়েছেন, বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে। তাঁর যোগাযোগ, বিদেশ সফর এবং কলকাতার সংস্থার কাজকর্ম খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks