LPG Price Hike in Kolkata: ফের বাড়ল ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম। ১৪.২ কেজির একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের মূল্য ২৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪২ টাকা। রবিবার, ৭ জুন থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল ঘরোয়া গ্যাসের। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়তে শুরু করেছে। এরই প্রেক্ষাপটে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন মূল্যবৃদ্ধির ফলে রাজধানী কলকাতায় গ্রাহকদের এখন একটি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ৯৬৮ টাকা খরচ করতে হবে। এছাড়া মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। তেল সংস্থাগুলির সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস কম দামে বিক্রি করার ফলে তাদের লোকসান হচ্ছে। সেই লোকসান কিছুটা কমাতেই গৃহস্থালি এলপিজির দাম বাড়াতে হয়েছে।
এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে দেশের কোটি কোটি গৃহস্থ পরিবারের ওপর। রান্নার গ্যাস দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় জ্বালানি হওয়ায় এর দাম বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির মাসিক ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। ইরান যুদ্ধের আবহে দেশে এই গত কয়েক মাসে ৮৯ টাকা বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম। এর আগে মার্চের ৭ তারিখে ৬০ টাকা বেড়েছিল। এদিকে এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে এক ধাক্কায় তা প্রায় হাজার টাকা বাড়ানো হয়। গত ১ জুনও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল।