West Bengal Government: দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির কথা ঘোষণা করল নবান্ন। চলতি বছর ১৬ অক্টোবর মহা ষষ্ঠী। আর উৎসবের এই মরশুমে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের হাত খালি রাখতে নারাজ রাজ্য সরকার।

সাধারণত মাসের শেষ দিনে অর্থাৎ ৩০ বা ৩১ তারিখে বেতন হয় সরকারি কর্মীদের। ওই দিনেই পেনশন পান অবসরপ্রাপ্ত কর্মীরা। এবার দুর্গাপুজো শুরু হচ্ছে মাসের মাঝামাঝি সময় থেকে। ১৬ অক্টোবর তারিখে দুর্গা পুজোর ষষ্ঠী। তার আগেই সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। নবান্ন থেকে জারি করা মেমো নং ৩৫৫৫-F(Y) অনুযায়ী, ২০২৬-এর অক্টোবর মাসের বেতন, গ্রান্ট-ইন-এইডের অধীনে বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড, সাম্মানিক এবং পেনশন, ফ্যামিলি পেনশন সবই ১৫ অক্টোবর দেওয়া হবে। নবান্নের এই পদক্ষেপে শুধু কর্মরত কর্মচারীরাই নন, হাসি ফুটছে অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও ফ্যামিলি পেনশন প্রাপকদের মুখেও। উৎসবের মরশুমে কেনাকাটা এবং ঘোরার খরচ মেটাতে এই আগাম বেতন প্রদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অর্থদপ্তরের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যে যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাঁদের তালিকায় রয়েছে নিয়মিত সরকারি কর্মীরা, গ্র্যান্ট-ইন-এইড (Grant-in-Aid)-এর আওতায় থাকা বেতনভুক কর্মচারীরা, বিভিন্ন ক্ষেত্রের মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড ও সাম্মানিক প্রাপকরা এবং সমস্ত পেনশন ও পারিবারিক পেনশনভোগীরা। নির্ধারিত এই সময়ের মধ্যে যাতে নির্বিঘ্নে সমস্ত পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়, তার জন্য সমস্ত ডিডিও (DDO) এবং ডিপোজিট অ্যাকাউন্ট প্রশাসকদের নির্দিষ্ট সময়ের আগে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বেতনের পাশাপাশি এই নির্দেশিকায় মহার্ঘ ভাতা বা ডিএ নিয়েও বিশেষ ইঙ্গিত মিলেছে। পূর্বঘোষণা অনুযায়ী, অক্টোবরের এই বেতনের সঙ্গেই বকেয়া ডিএ-র ২০ শতাংশ অংশও কর্মীদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, ষষ্ঠীর আগেই বেতন, পেনশন এবং বকেয়া ডিএ-র কোলাজে রাজ্য সরকারি কর্মচারীদের পুজো যে এবার বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য। সরকারি এই পদক্ষেপে সব মহলেই খুশির হাওয়া।