...
...
Next Story

WB Teacher Recruitment: শিক্ষক নিয়োগে বড় আপডেট! একাদশ-দ্বাদশের সংশোধিত তালিকা প্রকাশ, কবে ইন্টারভিউ? জানাল SSC

WB Teacher Recruitment: ২৮ সেপ্টেম্বর প্রকাশিত সংশোধিত প্রিলিমিনারি ইন্টারভিউ তালিকায় নতুন করে জায়গা পাওয়া প্রার্থীরা ১ অক্টোবর থেকেই কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন।

Published on: Oct 2, 2026, 22:33:16 IST
Advertisement

WB Teacher Recruitment: পালাবদলের বাংলায় খুব শীঘ্রই বাংলায় হবে শিক্ষক নিয়োগ। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের সময়সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। সংশোধিত প্রিলিমিনারি ইন্টারভিউ তালিকায় যে প্রার্থীদের নতুন করে যুক্ত করা হয়েছে, তাঁদের নথিপত্র যাচাই এবং মৌখিক সাক্ষাৎকার ও লেকচার ডেমোনস্ট্রেশনের প্রক্রিয়া ৮ অক্টোবর থেকে শুরু হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি।

একাদশ-দ্বাদশের সংশোধিত তালিকা প্রকাশ, কবে ইন্টারভিউ? জানাল SSC (ছবিটি প্রতীকী, সাকিব আলি/হিন্দুস্তান টাইমস)
একাদশ-দ্বাদশের সংশোধিত তালিকা প্রকাশ, কবে ইন্টারভিউ? জানাল SSC (ছবিটি প্রতীকী, সাকিব আলি/হিন্দুস্তান টাইমস)

২৮ সেপ্টেম্বর প্রকাশিত সংশোধিত প্রিলিমিনারি ইন্টারভিউ তালিকায় নতুন করে জায়গা পাওয়া প্রার্থীরা ১ অক্টোবর থেকেই কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন। এছাড়াও কবে কোন বিষয়ের ইন্টারভিউ হবে তাও জানানো হয়েছে। কমিশনের প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইন্টারভিউ চলবে। বাংলা বিষয়ের ইন্টারভিউ হবে ৮ অক্টোবর। অর্থনীতির জন্য ৮ ও ৯ অক্টোবর, ইতিহাসের জন্য ৯ অক্টোবর, সংস্কৃতের জন্য ৯, ১২ ও ১৩ অক্টোবর, ইংরেজির জন্য ১২ অক্টোবর এবং গণিতের জন্য ১৩ অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। কমিশন জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী নথিপত্র যাচাই, মৌখিক সাক্ষাৎকার এবং লেকচার ডেমোনস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৭০০ জনেরও বেশি প্রার্থী এই ইন্টারভিউয়ে অংশে নেবে বলে এসএসসি সূত্রে খবর।

ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইন্টারভিউয়ের দিন অনলাইনে আবেদন করার সময় দেওয়া তথ্যের সমর্থনে প্রয়োজনীয় সমস্ত আসল নথি ও শংসাপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। কমিশন জানিয়েছে, আবেদনপত্রে দেওয়া তথ্যের সত্যতা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বাতিল করা হতে পারে। তাই ইন্টারভিউয়ের আগে সমস্ত নথি ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু নথি যাচাই নয়, নির্ধারিত মৌখিক পরীক্ষা এবং পাঠদানের দক্ষতা যাচাই পর্বেও প্রার্থীদের অংশ নিতে হবে। নির্দিষ্ট দিনে উপস্থিত না থাকলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন সংশ্লিষ্ট প্রার্থী। অর্থাৎ, সংশোধিত তালিকায় নতুন করে যাঁদের নাম এসেছে, তাঁদের জন্য এবার নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে নির্ধারিত তারিখে উপস্থিত থাকা এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks