...
...
Next Story

Mamata on Maldah SIR Protest: মালদায় বিচারক ঘেরাও কাণ্ডে নির্দোষদের গ্রেফতার, বিস্ফোরক অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘অশান্তির মধ্যে যাবেন না। এলাকা থেকে ৪০ জন ছেলেকে তুলে নেবে। যেটা মালদহে করেছে। যারা দোষ করেছে, তাদের গ্রেফতার করোনি। নির্দোষদের গ্রেফতার করছ কেন?’

Published on: Apr 4, 2026, 14:07:55 IST
Advertisement

মালদায় বিচারকদের আটক করার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় তদন্তে নেমেছে এনআইএ। তবে এখনও পর্যন্ত সব গ্রেফতারি রাজ্য পুলিশই করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় 'মূলচক্রী' এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারি নিয়ে ৩ এপ্রিলই মমতা বলেছিলেন, 'আমাদের সিআইডি গ্রেফতার করেছে'। তবে আজ মমতার গলায় অন্য সুর। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো বললেন, মালদা কাণ্ডে নির্দোষদের গ্রেফতার করা হয়েছে।

মালদায় বিচারকদের আটক করার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। (West Bengal CMO)
মালদায় বিচারকদের আটক করার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। (West Bengal CMO)

আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'অশান্তির মধ্যে যাবেন না। এলাকা থেকে ৪০ জন ছেলেকে তুলে নেবে। যেটা মালদহে করেছে। যারা দোষ করেছে, তাদের গ্রেফতার করোনি। নির্দোষদের গ্রেফতার করছ কেন? ইডি, সিবিআই, এনআইএ, বিএসএফ, বর্ডার কার হাতে? মোটাভাইয়ের হাতে। তুমি তৃণমূলকে চোর বলো। বর্ডার থেকে টাকা কোথায় যায় মোটাভাই? তুমি তখন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকো।'

উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' এই মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামের নাম উঠে আসে। নাম জড়ায় আইএসএফ প্রার্থীরও। এই দু'জনকেই গ্রেফতার করা হয়েছে। এদিকে বিডিও অফিসের বাইরে বিক্ষোভে তৃণমূলের সাবিনা ইয়াসমিনও ছিলেন বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe