...
...
Next Story

Mamata on Bangladesh Election: 'বাংলাদেশে কী শান্তিপূর্ণভাবে ভোট হল', সার্টিফিকেট মমতার, ভারতের কমিশনকে নিশানা

ভারতের নির্বাচন কমিশনকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনের উল্লেখ করলেন। তিনি দাবি করলেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ কমিশন বলে নিশানা করেন।

Published on: Feb 17, 2026, 16:34:38 IST
Advertisement

ভারতের নির্বাচন কমিশনকে নিশানা করতে গিয়ে বাংলাদেশের ভোটকে সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন যে বাংলাদেশের নির্বাচনে মারাত্মক হিংসা ছড়াবে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণভাবেই বাংলাদেশে নির্বাচন হয়েছে। সেখানে ভারতের গণতন্ত্রকে নির্বাচন কমিশন ধ্বংস করছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ‘ওদের দেখা উচিত। গত কয়েকদিন আগেই বাংলাদেশে নির্বাচন হল। সকলেই ভেবেছিলেন যে হিংসা হবে, এটা হবে, সেটা হবে। কিন্তু দেখুন, ওরা কীভাবে শান্তিপূর্ণ উপায়ে (নির্বাচন) করেছে। আর গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতে (এরকম ঘটনা) লজ্জাজনক বিষয়। তুঘলকি কমিশন। গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে আপনাদের থ্রেট কালচার। আপনারা গণতন্ত্রকে গুঁড়িয়ে দিচ্ছেন। গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্রও কোনওদিন এ জিনিস করেনি। তুঘলকি রাজেও এ জিনিস হয়নি। সুপার তুঘলকি রাজ চলছে। সুপার হিটলার হয়ে গিয়েছে।’

বাংলায় 'জোচ্চুরির চচ্চড়ি’ চলছে, অভিযোগ মমতার

নির্বাচন কমিশনকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
নির্বাচন কমিশনকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনের আগেই একটি দলের (পড়ুন বিজেপি) ভোট করিয়ে দিচ্ছে ‘মহম্মদ বিন তুঘলক’ কমিশন। কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) মাধ্যমে লাখ-লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেক যোগ্য ভোটারও আছেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকেও অনেকের নাম বাদ দেওয়া হতে পারে। বাংলায় কমিশন ‘পুরোপুরি দু'নম্বরি খেলা এবং জোচ্চুরির চচ্চড়ি’ চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

সাত AERO-কে সাসপেন্ড কমিশনের

সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) যুক্ত থাকার রাজ্যের অফিসারদের পাশে থাকারও বার্তা দিয়েছেন। আর তিনি সেটা বলেছেন রাজ্যের সাত আধিকারিকের সাসপেনশনের পরে। এসআইআর প্রক্রিয়ায় গরমিলের অভিযোগে ওই সাত অতিরিক্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে (এইআরও) সাসপেন্ড করেছে কমিশন। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে নির্দেশ দিয়ে কমিশনের তরফে বলা হয়েছে যে ওই সাত অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বিভাগীয় তদন্ত করতে হবে।

আপনার চাকরি কতদিন থাকবে? কমিশনকে হুংকার মমতার

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ডিএমদের (জেলাশাসক) বলছে যে আপনার চাকরি আমার হাতে। কীসের হাতে? আপনার চাকরি কতদিন থাকবে? ছাব্বিশের পরে এই কেন্দ্রীয় সরকারই তো থাকবে না। এখন থেকে আপনাদের বলছি। আপনারা খোঁজ রাখুন। অনেক ঘটনা গিয়েছে এর মধ্যে। মুখ খুলিনি আমরা।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe