লক্ষ্মীর ভাণ্ডার 'মডেলে' মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে এই মন্ত্রেই মহিলা ভোটারদের মন জয় করে ক্ষমতা ধরে রেখেছে সংশ্লিষ্ট শাসকদলগুলি। তবে এবার মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে চ্যালেঞ্জ করে বঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে ১৫০০ টাকা করে দেওয়া হয়, সেখানে বিজেপি সরকার গঠন করলে অন্নপূর্ণ ভাণ্ডারে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই নিয়েই এবার বিজেপিকে পালটা তোপ দাগলেন মমতা বন্দ্যোপধ্যয়া।

আজ পিংলার জনসভা থেকে মমতা বলেন, 'আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেড়ে নিই না। আর বিজেপি বিহারে মহিলাদের ভোটের আগে টাকা দিয়ে এখন বলছে, সব ফিরিয়ে দিন।' এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে বলেন, 'আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তো তুলেই ছাড়ব, আজ না হোক কাল।' এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, যে ভোটার তালিকা ফ্রিজ করা যাবে না। এই আবহে আজও নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা।
এদিকে বিজেপি বাংলায় 'নোংরা খেলায়' মেতেছে বলে অভিযোগ করেন মমতা। দিল্লিতে আইপ্যাক কর্তার গ্রেফতারির আবহে তাঁর দাবি, আসন বেছে বেছে টার্গেট করা হচ্ছে তৃণমূলকে। তৃণমূল সুপ্রিমো আজ বলেন, 'তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না পারে। তোমরা ভাবছ, নোংরা খেলা খেলবে? না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব। এর জন্য বিকল্প ব্যবস্থা তৈরি রাখতে হবে। এক জনকে গ্রেফতার করলে আর এক জন থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে।'