...
...
Next Story

ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় মমতার ভাই বাবুন! কালীঘাটে এফআইআর করার আর্জি, প্রাণনাশের হুমকিরও অভিযোগ

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার কালীঘাট থানায় সাত পাতার লিখিত অভিযোগ জমা দেন বাবুন। সেখানে অভিষেকের বিভিন্ন বক্তব্য এবং সমাজমাধ্যমে করা পোস্টের উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে গত ৭ নভেম্বর অভিষেকের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিয়োর কথা তুলে ধরেছেন।

Published on: Nov 27, 2026, 09:44:33 IST
Advertisement

পরিবারের বিবাদ এবার পৌঁছে গেল থানার দরজায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। ভাইপোর বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, বিচারব্যবস্থাকে অপমান করা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আইনি পদক্ষেপের আর্জিও জানিয়েছেন বাবুন। শুধু তাই নয়, ২০২৪ সাল থেকে তাঁকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় মমতার ভাই বাবুন! কালীঘাটে এফআইআর করার আর্জি, প্রাণনাশের হুমকিরও অভিযোগ (Saikat Paul)
ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় মমতার ভাই বাবুন! কালীঘাটে এফআইআর করার আর্জি, প্রাণনাশের হুমকিরও অভিযোগ (Saikat Paul)

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার কালীঘাট থানায় সাত পাতার লিখিত অভিযোগ জমা দেন বাবুন। সেখানে অভিষেকের বিভিন্ন বক্তব্য এবং সমাজমাধ্যমে করা পোস্টের উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে গত ৭ নভেম্বর অভিষেকের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিয়োর কথা তুলে ধরেছেন। বাবুনের অভিযোগ, ওই ভিডিয়োয় অভিষেক বিচারব্যবস্থার একাংশকে নিষ্ক্রিয় দর্শক বলে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের বিরুদ্ধে অভিষেকের মন্তব্য সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থা সম্পর্কে অবিশ্বাস তৈরি করতে পারে।

বাবুনের দাবি, অভিষেকের বক্তব্যে বিচারপতিদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এমনকি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি এবং আদালতের নজরদারিতে তদন্তের কথা বলেও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে, এ ধরনের মন্তব্য শুধু কোনও বিচারপতিকে লক্ষ্য করে নয়, বরং দেশের বিচারব্যবস্থার উপরেই আঘাত। সেই কারণেই অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

'২০২৪ সাল থেকে হুমকি পাচ্ছি'

বাবুনের কথায়, অনেক সময় অচেনা যুবকদের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে সব কিছু সহ্য করলেও এ বার প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর দাবি, রাজ্যের সাধারণ সরকারি কর্মীদেরও অপমান ও হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই কারণেও পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

কেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাননি? এই প্রশ্নের উত্তরে বাবুনের দাবি, দিদির কাছে পৌঁছনোর সুযোগই তাঁকে দেওয়া হত না। পুলিশ দিয়ে আটকে রাখা হত বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, তিনি দীর্ঘদিন ধরেই পরিবারে একঘরে হয়ে রয়েছেন।

অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর

বাবুনের অভিযোগ, তৃণমূলের ১৫ বছরের শাসনকালে রাজ্যে হুমকি ও ভয় দেখানোর সংস্কৃতি তৈরি হয়েছিল। সরকার পরিবর্তনের পরেও সেই পরিস্থিতি বদলায়নি। সরকারি কাজে বাধা, ক্লাব দখল এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ভয় দেখানোর ঘটনা ঘটছে বলে দাবি তাঁর।

অন্য দিকে, এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে। তবে অভিষেকের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে এফআইআর দায়ের হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাই বাবুনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। এর আগে প্রকাশ্যেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন মমতা। এ বার সেই পারিবারিক বিবাদ অভিষেকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের পর্যন্ত গড়াল। ফলে ঘটনাটির রাজনৈতিক গুরুত্বও বেড়েছে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks