...
...
Next Story

SIR-র মধ্যে হুলুস্থূল রানিগঞ্জে! আবর্জনার স্তূপে একগুচ্ছ ভোটার কার্ড, হতভম্ব স্থানীয়রা

এক যুবকের দাবি, বাড়িতে ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাঁর কার্ড উদ্ধার হয়েছে ওই স্তূপে। এরপরেই প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া ভোটারকার্ডগুলি ভুয়ো?

Published on: Feb 26, 2026, 11:22:06 IST
Advertisement

ছাব্বিশের মহারণের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু ভোটের আগে থেকেই পারদ চড়তে শুরু করেছে বিভিন্ন জেলায়। এরমধ্যেই বাংলায় চলছে এসআইআর। আর এই আবহে রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে আবর্জনার স্তূপে কীভাবে এবং কোথা থেকে গুচ্ছ গুচ্ছ এত ভোটার কার্ড এল তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই এক যুবকের দাবি, বাড়িতে ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাঁর কার্ড উদ্ধার হয়েছে ওই স্তূপে। এরপরেই প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া ভোটারকার্ডগুলি ভুয়ো?

আবর্জনার স্তূপে একগুচ্ছ ভোটার কার্ড (সৌজন্যে টুইটার)
আবর্জনার স্তূপে একগুচ্ছ ভোটার কার্ড (সৌজন্যে টুইটার)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এসআইআর প্রক্রিয়ায় মধ্যে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড কোথা থেকে এল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনে। এর মধ্যেই এক যুবক জানান, 'বাড়ি ফিরছিলাম, সেই সময় ভাই ফোন করে জানায় আমার ভোটার কার্ড নাকি আবর্জনায় পড়ে রয়েছে।' সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তিনি দেখেন সত্যিই তাঁর নামে ভোটার কার্ড পড়ে রয়েছে। যদিও ওই যুবকের দাবি, বাড়িতে তাঁর ভোটার কার্ড সুরক্ষিত অবস্থাতেই রয়েছে। এমনকী কাউকেই তিনি ভোটার কার্ড ব্যবহার করতেও দেননি বলে দাবি ওই যুবকের।

এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কীভাবে ওই ভোটার কার্ড সেখানে এল? উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি কী ভুয়ো? যখন এসআইআর-এর জন্য রাজ্যজুড়ে হৈচৈ চলছে সে সময়ে এরূপভাবে ভোটার কার্ড পাওয়ায়, আর এই বিষয় নিয়েই অনেকে প্রশ্ন তুলেছে ভোটারদের নিরাপত্তা নিয়ে। জানা গেছে, এই বিষয় নিয়ে রানীগঞ্জ থানায় খবর যাওয়ার পরই পুলিশ সমস্ত ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই প্রসঙ্গে এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল বলেন, 'এসআইআর-এর কাজ চলছে। এর মধ্যে ডাস্টবিনের মধ্যে এত ভোটার কার্ড কীভাবে এল তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।' গোটা ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও দাবি ওই নেতার। তবে এই প্রথম নয়, এসআইআর চলাকালীন কখনও সল্টলেকের রাস্তায় আবার কখনও কল্যাণী হাইওয়ের ধারে জঙ্গলের স্তূপ থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe