গত বছরের শেষ অংশে কলকাতায় পা রেখেছিলেন বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। তবে যুবভারতীতে মেসিকে ঘিরে সেই উৎসবের বিশৃঙ্খলার স্মৃতি আজও তাঁর গুণমুগ্ধদের মধ্যে রয়ে গিয়েছে। যুবভারতীর মেসি -কাণ্ড ঘিরে সদ্য পুলিশি অভিযোগের খাতায় নাম উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এরই মাঝে তা নিয়ে মেসির টিমের তরফে চিঠিও কলকাতা পুলিশের কাছে পৌঁছেছে বলে খবর। এদিকে, নিউজ ১৮র খবর বলছে, লিওনেল মেসিকে ফের একবার কলকাতায় আনার চেষ্টায় রয়েছেন ইভেন্ট অর্গানাইজার শতদ্রু দত্ত।

যুবভারতীর মেসি কাণ্ডের জেরে ১ মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন শতদ্রু। এদিকে, মেসিকে মাঠে নিজের মতো করে দেখতে না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছে সেদিন যুবভারতীতে উপস্থিত দর্শকদের। সেই আক্ষেপ মেটানোর উদ্যোগে রয়েছেন শতদ্রু। তিনি ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপের পরেই মেসির বাবার সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানান শতদ্রু। কলকাতায় তিনি আরেকবার মেসিকে নিয়ে আসবেন, সেই চেষ্টা করছেন বলেও দাবি করেন। ফলে কলকাতায় মেসির ফের একবার পা রাখার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। বরং তিনি এই বিষয়ে সচেষ্ট। শতদ্রুর উদ্দেশ্য বাঙালির আক্ষেপ মেটানো।
উল্লেখ্য, সদ্য রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে হারতেই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন শতদ্রু দত্ত। এদিকে, মেসি-কাণ্ড ঘিরে অ্যাকশন মোডে পুলিশ। এই আবহে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের। সেখানে বলা হয়েছে, যুবভারতীতে নিরাপত্তাহীনতা নিয়ে সেখানে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেসির টিম। চিঠিতে লেখা হয়েছে, সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া অনেক মানুষ ঢুকে পড়েছিলেন। এমনকী প্রায় ৪০ জন ফটোগ্রাফার ও ক্যামেরা অপারেটরও সেখানে উপস্থিত ছিলেন, যাঁদের অনুমোদন ছিল না। এই পরিস্থিতিতে শতদ্রু দিলেন বড় বার্তা।