...
...
Next Story

মহালয়ার আগেই বিদায় বর্ষার, পুজোয় বৃষ্টির আশঙ্কা কম! কেমন থাকবে বাংলার আবহাওয়া?

বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগে রবিবার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার আশপাশের এলাকাতেও কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের অন্য কিছু জেলাতেও বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Published on: Oct 4, 2026, 13:02:10 IST
Advertisement

পুজোর আগে স্বস্তির খবর বাংলার মানুষের জন্য। দুর্গাপুজোয় এ বার বৃষ্টির দাপট থাকবে না বলেই আপাতত ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাংলায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে মহালয়া থেকে পুজোর দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে।

Commuters wade throught waterlogged roads in Kolkata under their umbrellas as rains continue to lash the city of joy since last night ahead of the state's biggest festival Durga Puja.
Commuters wade throught waterlogged roads in Kolkata under their umbrellas as rains continue to lash the city of joy since last night ahead of the state's biggest festival Durga Puja.

তবে বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগে রবিবার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার আশপাশের এলাকাতেও কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের অন্য কিছু জেলাতেও বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা এখন নেই।

কলকাতার আকাশ এ দিন মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ এক বা দুই পশলা হালকা বৃষ্টিও হতে পারে। তবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। ফলে পুজোর বাজার এবং প্রস্তুতিতে বড় ধরনের বাধা আসার আশঙ্কা আপাতত নেই।

বৃষ্টির সম্ভাবনা কমলেও ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি মিলছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। তার জেরে রোদ খুব বেশি না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অর্থাৎ সকাল বা সন্ধ্যায় পুজোর আবহাওয়া মনোরম লাগলেও দিনের একটা সময়ে গুমোট ভাব থাকতেই পারে। তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

এ বার মূল নজর মহালয়ার দিকে। ওই সময়ে কলকাতায় বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে মহালয়ার তর্পণ থেকে পুজোর কেনাকাটা, সব কিছুতেই স্বস্তির পরিবেশ থাকার সম্ভাবনা। বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গেলে দক্ষিণবঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার হতে পারে।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে বাংলার বিভিন্ন জেলায় বার বার বৃষ্টি হয়েছে। কোথাও জল জমেছে, কোথাও নষ্ট হয়েছে রাস্তা ঘাট, আবার পুজোর প্রস্তুতিতেও প্রভাব পড়েছে বৃষ্টিতে। তাই দুর্গাপুজোর দিনগুলিতে বৃষ্টি কতটা হবে, সে দিকে স্বাভাবিক ভাবেই নজর ছিল সাধারণ মানুষের। সেই জায়গায় হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস আশার আলো দেখাচ্ছে।

তবে পুজো এখনও কিছুটা দূরে। বঙ্গোপসাগরে নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে পরিস্থিতি বদলাতে পারে। তাই শেষ মুহূর্তের পূর্বাভাসের দিকেও নজর রাখতে হবে। আপাতত অবশ্য যা খবর, তাতে মহালয়ার আগেই বাংলায় বর্ষার বিদায় ঘণ্টা বাজতে পারে। আর তাতেই পুজোয় বৃষ্টির ভয় অনেকটাই কমছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks