...
...
Next Story

Raiganj AIIMS: কেন্দ্রকে রায়গঞ্জে AIIMS-এর প্রস্তাব পাঠাল নবান্ন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই পদক্ষেপ, চিহ্নিত ১৮০ একর জমি

North Bengal AIIMS: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে উত্তরবঙ্গে এমস তৈরির প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি সরকার চিহ্নিত করেছে।

Published on: Oct 29, 2026, 23:15:56 IST
Advertisement

North Bengal AIIMS: এবার উত্তরবঙ্গ পেতে চলেছে তার নিজস্ব এইমস (AIIMS)। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসংক্রান্ত চাহিদা মেটাতে একটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ বা এইমস গড়ে তোলার কথা বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেমন ভাবনা, তেমন কাজ। এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিল শ্রীবাস্তবকে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)

এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে কর্ণজোড়ার তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচি থেকে তিনি জানান, রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে। প্রকল্পের জন্য ১৮০ একর জমি চিহ্নিত করার কথা জানা গিয়েছে। শুধু তাই নয়, সব কাজ হয়ে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমিপুজো অনুষ্ঠানে আসবেন বলেও জানান। পাশাপাশি, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল গড়ে তোলার কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এমস তৈরি করার প্রস্তাব আমরা ভারত সরকারের কাছে পাঠাব। জলপাইগুড়িকেও নিরাশ করব না। শুভেন্দুর সরকার আপনাদের সঙ্গে আছে। জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল হবে, এখান থেকে সেই ঘোষণা করলাম।’ তারপরই রাজ্যের তরফ থেকে দ্রুত এই সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে উত্তরবঙ্গে এমস তৈরির প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি সরকার চিহ্নিত করেছে। কেন্দ্রকে তার বিবরণ দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, ‘উত্তরবঙ্গের মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রায়গঞ্জে একটি এমস স্থাপনের প্রস্তাব দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রায়গঞ্জে এই প্রতিষ্ঠান গড়ে উঠলে তা সমগ্র উত্তরবঙ্গ, পার্শ্ববর্তী উত্তর বিহার এবং উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী হবে। উন্নত পরিষেবা পেতে রোগীকে বা তাঁর পরিজনকে আর দূরে যেতে হবে না। চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষমতাও এর ফলে বাড়বে।’ মুখ্যসচিব জানিয়েছেন, এমসের জন্য চিহ্নিত জমি পরিদর্শন এবং প্রস্তুতিমূলক যে কোনও পদক্ষেপে কেন্দ্রের সহায়তা করবে রাজ্য। উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা পরিষেবার সহজলভ্যতা বৃদ্ধি করতে এই প্রস্তাব অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks