Kolkata Parking: কলকাতার রাস্তায় পার্কিং নিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটাতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে পুরসভা। আগামী ১ সেপ্টেম্বর থেকে কলকাতার পাশাপাশি হাওড়া ও বিধাননগর পুর এলাকাতেও নতুন পার্কিং ব্যবস্থা চালু হচ্ছে। নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে গাড়ি বা বাইক রাখলেই চার্জ আদায় করবে পুরসভা। একইসঙ্গে চালু হতে চলেছে এমন একটি অ্যাপ, যেখানে রিয়েল-টাইমে কোন এলাকায় কতগুলি পার্কিং স্পেস খালি রয়েছে, সেই তথ্য জানা যাবে।

শনিবার নবান্নে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে তিন পুরসভার প্রশাসক তথা কমিশনার এবং সংশ্লিষ্ট তিন পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে মূলত চূড়ান্ত করা হয়, কোন পুর–এলাকায় কতগুলি জায়গায় সরকারি ভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। ব্যস্ত সময়ে কতগুলি গাড়ি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা রাখতে হবে। কোন এলাকায় পার্কিংয়ের চাহিদা বেশি। সেগুলি চিহ্নিত করে চূড়ান্ত করা হয়েছে। এই জায়গাগুলির বাইরে অন্য কোথাও গাড়ি বা বাইক পার্কিং করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। চড়া অঙ্কের জরিমানা করা হবে বলে ঠিক হয়েছে বৈঠকে। তবে কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা করা হবে এবং নির্দিষ্ট পার্কিংয়ে সর্বাধিক কতগুলি গাড়ি রাখা যাবে, তা শীঘ্রই বিস্তারিত ভাবে জানানো হবে।
নতুন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে পার্কিং অ্যাপ। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ‘আমাদের তরফে একটি অ্যাপ দ্রুত মুখ্যমন্ত্রীর হাত দিয়ে লঞ্চ করা হবে। সেখানে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। আপনি হয়তো পার্ক স্ট্রিট বা এসপ্ল্যানেড এলাকায় যাচ্ছেন, আপনি আগে থেকেই জেনে নিতে পারবেন, কতগুলি পার্কিং স্পেস খালি আছে বা নেই। সেই মতো আপনি পরিকল্পনা আগে থেকেই করে নিতে পারবেন। কেউ নির্দিষ্ট পার্কিংয়ের বাইরে গাড়ি বা মোটরবাইক রাখতে পারবেন না।’ এর পরেই তিনি বলেন, ‘সল্টলেকে নিজেদের পার্কিং থাকার পরেও অনেকে রাস্তায় গাড়ি পার্ক করে রাখেন। আমি বলতে চাই, এটা করবেন না। রাস্তা আটকে রাখবেন না। যদি কেউ রাস্তায় গাড়ি বা মোটরবাইক রাখেন, তা হলে পুরসভা নাইট পার্কিং চার্জ নেবে।’ শুধু কলকাতা নয়, হাওড়া এবং বিধাননগর পুর এলাকাতেও একই ব্যবস্থার আওতায় আসছে নাইট পার্কিং। রাতে রাস্তায় গাড়ি রাখার ক্ষেত্রে পুরসভার তরফে নির্ধারিত নাইট পার্কিং চার্জ দিতে হবে। অর্থাৎ রাতের বেলায় রাস্তার উপর গাড়ি রাখার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।
১ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থা চালু হলে কলকাতা, হাওড়া ও বিধাননগরের পার্কিং ব্যবস্থায় কতটা পরিবর্তন আসে, এখন সেটাই দেখার। তবে রিয়েল-টাইম পার্কিং তথ্য, নির্দিষ্ট পার্কিং জোন এবং জরিমানার নিয়ম কার্যকর হলে শহরের রাস্তায় বেআইনি পার্কিং নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
{{/usCountry}}১ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থা চালু হলে কলকাতা, হাওড়া ও বিধাননগরের পার্কিং ব্যবস্থায় কতটা পরিবর্তন আসে, এখন সেটাই দেখার। তবে রিয়েল-টাইম পার্কিং তথ্য, নির্দিষ্ট পার্কিং জোন এবং জরিমানার নিয়ম কার্যকর হলে শহরের রাস্তায় বেআইনি পার্কিং নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
{{/usCountry}}