...
...
Next Story

BJP: পুরপ্রার্থী বাছাইয়ে একক সিদ্ধান্ত নয়! কড়া নির্দেশ বনশলের, কালীপুজোর মধ্যেই চূড়ান্ত তালিকা

BJP: অক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করে প্রথম দফার তালিকা প্রকাশ করতে চাইছে বঙ্গ বিজেপি। তারপরই প্রথম দফার তালিকা প্রকাশ করা হবে।

Published on: Oct 15, 2026, 13:28:40 IST
Advertisement

BJP: কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু বঙ্গ বিজেপিতে। প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরে যাতে কোনও ক্ষোভ বা অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার সল্টলেকে বিজেপির দফতরে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য নেতাদের একক সিদ্ধান্তে প্রার্থী বাছাই না করার নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। গ্রাউন্ড জিরো থেকে আসা নাম জেলা ও নির্বাচন কোর কমিটির হাত ঘুরে রাজ্যস্তরে চূড়ান্ত হবে প্রার্থীদের ফাইনাল নাম।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল (সৌজন্যে এক্স )
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল (সৌজন্যে এক্স )

সূত্রের খবর, অক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করে প্রথম দফার তালিকা প্রকাশ করতে চাইছে বঙ্গ বিজেপি। তারপরই প্রথম দফার তালিকা প্রকাশ করা হবে। কলকাতা ও হাওড়া পুরভোট নিয়েই বুধবার দুপুরে সল্টলেক বিজেপি অফিসে বৈঠক করেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাওড়া পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা সাংসদ রাহুল সিনহা ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, দুই বিধায়ক সঞ্জয় সিং ও রুদ্রনীল ঘোষ-সহ দলের রাজ্য সাধারণ সম্পাদকরা।

কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন নভেম্বরের শেষে হওয়ার কথা। ওয়ার্ডভিত্তিক প্রার্থী হওয়ার দাবিদারদের নাম ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছেছে। কোনও কোনও ওয়ার্ডে দাবিদারের সংখ্যা ১০ জন পর্যন্ত। পাশাপাশি, মুরলীধর সেন লেনের দলীয় দফতরে ড্রপ বক্স বসিয়ে সাধারণ মানুষের কাছ থেকেও প্রার্থী হওয়ার আবেদন নেওয়া হচ্ছে। বৈঠক সূত্রে খবর, লক্ষ্মীপুজোর পর আবেদনপত্রগুলি খতিয়ে দেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে। কালীপুজোর মধ্যেই চূড়ান্ত করা হবে প্রার্থীদের নাম। পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি কী হবে, সাংগঠনিক প্রস্তুতি কীভাবে এগোবে এবং নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পুরভোটের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে। এদিকে, কেন্দ্রীয় বিজেপির তরফে সদ্য নিযুক্ত বঙ্গ বিজেপির সংগঠন দেখার দায়িত্বপ্রাপ্ত নেতা সৌদান সিংও বৈঠকে ছিলেন। তাঁর সঙ্গে পরিচয়পর্বও সারেন রাজ্য বিজেপির শীর্ষনেতারা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks