Police on Suvendu PA murder case: শিলিগুড়ির গাড়ি, ভুয়ো নম্বর প্লেট, লাইভ রাউন্ড- শুভেন্দুর PA খুনে কী কী উঠে এল?
Police on Suvendu PA murder case: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে। সেই ঘটনার পরে হাসপাতালে আসেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। তদন্তের বিষয়ে তিনি জানিয়েছেন।
Police on Suvendu PA murder case: শিলিগুড়ির গাড়ি, ভুয়ো নম্বর প্লেট ও লাইভ কার্তুজ- বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এমনই সব তথ্য উঠে এল। বুধবার রাতে মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালে আসার পরে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন, ‘আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছি, যেটিকে অপরাধের জন্য ব্যবহার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে নম্বর প্লেট বিকৃত করা হয়েছে। যে গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে, সেটা আসলে শিলিগুড়ির একটি গাড়ির। কিন্তু আসলে এটা বিকৃত করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ ও লাইভ রাউন্ড বাজেয়াপ্ত করেছি। আমরা যে তথ্য পেয়েছি, সেেটা ধরে এগিয়ে চলেছি। আর এই মুহূর্তে আমি শুধু এই তথ্যগুলোই জানাতে পারি।’

একেবারে কাছ থেকে গুলি করা হয় চন্দ্রনাথদের
সূত্রের খবর, বুধবার রাতে মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন শুভেন্দুর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ (আদতে পূর্ব মেদিনীপুরের ছেলে হলেও এখন মধ্যমগ্রামে থাকতেন)। মধ্যমগ্রামে রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে তাঁর গাড়ি থামাতে বাধ্য করে আততায়ীরা। তারপর একেবারে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ এবং গাড়ির চালক বুদ্ধদেব বেরা।
হৃদপিণ্ড ফুটো করে দেয় একটি গুলি, পেটে লাগে অপরটি
দ্রুত তাঁদের উদ্ধার করে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পরে বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এক চিকিৎসক বলেছেন, ‘মৃত অবস্থায় চন্দ্রনাথকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বুকে একটি লেগেছিল। সেটা হৃদপিণ্ড ফুটো করে দেয়। আর অপর গুলিটি তাঁর পেটের কাছে লাগে।’
আরও পড়ুন: Suvendu PA Killed: ‘মনে রেখো তৃণমূল..’, গুলি করে খুন শুভেন্দুর আপ্ত সহায়ক, হুঁশিয়ারি রুদ্রনীলের!
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
আর সেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। নোয়াপাড়ার নব-নির্বাচিত বিজেপি বিধায়ক অর্জুন সিং দাবি করেন, দোষীদের এনকাউন্টার করা হোক। ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে দাবি করেন অর্জুন। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও দাবি করেছেন যে ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে। বিজেপিকে বার্তা দিতেই তৃণমূল সেই কাজ করেছে।
অভিযোগ অস্বীকার তৃণমূলের
যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বরং রাতেই তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও গত তিনদিন ধরে বিজেপি-সমর্থিত দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় আরও তিনজন তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমরা এই বিষয়ে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করতে হবে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


