...
...
Next Story

Congress Candidate arrested: মমতার সমর্থনের পরই নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেফতার, কোন মামলায় পুলিশের জালে মিলন?

Congress Candidate arrested: ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। এই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণা করেছিল হাত শিবির।

Published on: Sep 18, 2026, 19:15:17 IST
Advertisement

Congress Candidate arrested: পুরনো খুনের মামলায় গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Nandigram Congress Candidate) মিলন প্রধান। তাৎপর্যপূর্ণভাবে, শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবিরের নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে নিজের মনোনয়ন প্রত্যাহার করার পর সাংবাদিক বৈঠক করে নেত্রী জানিয়েছিলেন তিনি ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। ঘটনাক্রমে তাঁর সেই ঘোষণার কয়েক ঘন্টা পরই এই গ্রেফতারি। শনিবার হলদিয়া আদালতে হাজির করানো হতে পারে ধৃত কংগ্রেস প্রার্থীকে।

নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার (সৌজন্যে এক্স )
নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার (সৌজন্যে এক্স )

জানা যাচ্ছে, প্রায় দু’দশকের পুরনো মামলা অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের ঘটনায় মিলন প্রধানের নাম জড়িয়েছিল। ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। সেই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘খাসতালুকে’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগেই বিরোধী বলে কিছু রাখতে চাইছে না বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘হঠাৎ করে মামলা হল! এই ভাবে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। বিরোধী রাজনীতি বলে কী কিছু থাকবে না এই দেশে?’ তাঁর দলের প্রার্থীর গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন শুভঙ্কর সরকার। যদিও তাঁর অভিযোগ নস্যাৎ করে দিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন, পুলিশের কাজ পুলিশ করছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। এই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণা করেছিল হাত শিবির। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামে নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহারের পর মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করেন। এর ফলে নন্দীগ্রামের উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়। একদিকে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার এবং কংগ্রেসকে সমর্থন—পরপর ঘটনাপ্রবাহের মধ্যেই এবার কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks