ফের রণক্ষেত্রের চেহারা নিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। শনিবার, ২৮ নভেম্বর ভোরে বিপুল পুলিশবাহিনী ক্যাম্পাসে ঢুকতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, পুলিশ তাঁদের দীর্ঘদিনের বিক্ষোভ মঞ্চ ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, আন্দোলনের জন্য ব্যবহৃত চেয়ার, টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্রও ছোট পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাধা দিতে গেলে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন পড়ুয়াকে টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়ার পাশাপাশি মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তপ্ত কলকাতার SRFTI ক্যাম্পাস। দুই মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মধ্যে পুলিশের এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

শনিবার ভোরে বিপুল সংখ্যক পুলিশকর্মী SRFTI ক্যাম্পাসে প্রবেশ করেন। প্রথমে কয়েকজন বহিরাগত এসে আন্দোলনকারীদের মঞ্চ ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ পড়ুয়াদের। তাঁরা বাধা দিতে গেলে পুলিশ তাঁদের উপর চড়াও হয় বলে দাবি। এমনকী, আন্দোলন মঞ্চ ভাঙার কাজে বহিরাগতদের পুলিশ সাহায্য করেছে বলেও অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। এরপরই পুলিশ ও পড়ুয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।
আন্দোলনকারীদের আরও অভিযোগ, বেশ কয়েকজন পড়ুয়াকে জোর করে বিক্ষোভ মঞ্চের আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের ব্যবহৃত আসবাবপত্রও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরেও ক্যাম্পাসে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। এমনকী, হস্টেল থেকে বেরিয়ে মূল গেটের দিকে যাওয়ার ক্ষেত্রেও পড়ুয়াদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে পুলিশের তরফে এই অভিযোগগুলির বিষয়ে বিস্তারিত বক্তব্য এখনও সামনে আসেনি।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে SRFTI-তে আন্দোলনের সূত্রপাত। প্রতিষ্ঠানের মূল অডিটোরিয়ামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সঙ্গে যুক্ত সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (ABGP) একটি অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে পড়ুয়াদের সঙ্গে ওই সংগঠনের সদস্যদের সংঘর্ষ বাধে। পড়ুয়াদের অভিযোগ ছিল, অনুষ্ঠানে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছিল এবং প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর হামলা হয়। অন্যদিকে, ABGP-র পালটা অভিযোগ, পড়ুয়ারাই তাঁদের অনুষ্ঠান ভণ্ডুল করে হামলা চালিয়েছিলেন। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া ও শিক্ষক আহত হন।
এরপর ৪ অক্টোবর ফের ক্যাম্পাসের বাইরে উত্তেজনা ছড়ায়। বাংলীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ তাঁদের প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতে বাধা দেয়। সেই সময় ইট ও বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ সরকার ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে।
{{/usCountry}}এরপর ৪ অক্টোবর ফের ক্যাম্পাসের বাইরে উত্তেজনা ছড়ায়। বাংলীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ তাঁদের প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতে বাধা দেয়। সেই সময় ইট ও বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ সরকার ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে।
{{/usCountry}}পড়ুয়াদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে উপাচার্য সন্তোষ কুমার আজমেরার পদত্যাগ, বহিরাগতদের হামলার নিরপেক্ষ তদন্ত, ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার এবং ছয় পড়ুয়ার উপর নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার। অন্যদিকে, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দাবি, কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে উপাচার্যকে হেনস্তা, হুমকি ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে। সেই কারণেই ছয় পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশি সাহায্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
টানা দুই মাসের বেশি সময় ধরে চলা এই অচলাবস্থায় কার্যত বন্ধ পঠনপাঠন। নতুন করে শনিবারের সংঘর্ষ পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। পড়ুয়া ও কর্তৃপক্ষের মধ্যে সমাধানসূত্র বের না হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ কবে ফিরবে, তা নিয়েই এখন উদ্বেগ বাড়ছে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।