...
...
Next Story

BJPর 'পরিবর্তন যাত্রা'র রথ ভাঙচুর! কোচবিহারে চড়ছে রাজনৈতিক পারদ, কাঠগড়ায় তৃণমূল?

বিজেপি নেতাদের বক্তব্য, কয়েক দিন আগেই একই এলাকায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল।

Published on: Mar 5, 2026, 18:20:34 IST
Advertisement

শিয়রে রাজ্য বিধানসভা নির্বাচন। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজনৈতিক ময়দানে তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন দল। সেই আবহে পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা' শুরু করেছে বিজেপি। তবে এই কর্মসূচিকে ঘিরেই বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়াল কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়। পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে চলে এসেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।

BJPর 'পরিবর্তন যাত্রা'র রথ ভাঙচুর!
BJPর 'পরিবর্তন যাত্রা'র রথ ভাঙচুর!

বৃহস্পতিবার সকাল থেকেই খাগড়াবাড়িতে পরিস্থিতি ছিল থমথমে। বিজেপির অভিযোগ, বুধবার রাতে তাদের ট্যাবলোটি যখন মহিষবাথান এলাকায় ছিল, তখন স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা আচমকা হামলা চালায়। ট্যাবলোর কাঁচ ভাঙার পাশাপাশি চালক ও সেখানে উপস্থিত কর্মীদের মারধর করা হয়। উঠে আসছে তৃণমূলের যুব নেতা সায়নদীপ গোস্বামীর নাম। তাঁর নেতৃত্বের হামলা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাতেই পুণ্ডিবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বিজেপি নেতাদের বক্তব্য, কয়েক দিন আগেই একই এলাকায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। সেই একই অঞ্চলে আবারও তাঁদের প্রচারযাত্রা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।

এই ঘটনার পর খাগড়াবাড়িতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকেরা। নির্বাচনের আগে এমন সংঘাতমুখর পরিস্থিতি যে রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত, গত ১ মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই যাত্রার সূচনা করেছিলেন। রথের আদলে তৈরি এই ট্যাবলোটি বিভিন্ন বিধানসভা ঘুরে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় পৌঁছানোর কথা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe