...
...
Next Story

আর্থিক বেনিয়ম! নতুন মুখের দাবি, 'অকেজো' বিজেপি MLA-র বিরুদ্ধে পোস্টার রঘুনাথপুরে

একুশের বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসনটি বিজেপির দখলে গেলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ৪৪৫ ভোটের লিড পেয়েছিল।

Published on: Mar 2, 2026, 13:56:03 IST
Advertisement

শিয়রে বিধানসভা নির্বাচন। আর তারমধ্যেই পুরুলিয়ার শিল্পশহর রঘুনাথপুরে শোরগোল পড়ে গিয়েছে। খোদ বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির বিরুদ্ধে পড়ল পোস্টার। আর সেই পোস্টার ঘিরেই এখন সরগরম জেলার রাজনৈতিক মহল। দাবি একটাই, ‘রঘুনাথপুর বিধানসভায় নতুন মুখ চাই।' রবিবার সকালে শিল্পশহর এবং তার আশেপাশের এলাকায় এই পোস্টার নজরে আসতেই শুরু হয়েছে তুমুল জল্পনা।

বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার রঘুনাথপুরে
বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার রঘুনাথপুরে

রবিবার শিল্পশহর ও তার আশপাশ এলাকায় দেখা যায় অজস্র পোস্টার। রঘুনাথপুর শহর জুড়ে বিভিন্ন দেওয়ালে ওই পোস্টারের শিরোনাম ছিল, ‘রঘুনাথপুর বিধানসভায় নতুন মুখ চাই।’ শিরোনামের নিচে লেখা, ‘রঘুনাথপুর বিধানসভাবাসী হিসাবে আমাদের একটাই অনুরোধ বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে, বিবেকানন্দ বাউরিকে যেন টিকিট না দেওয়া হয়। কারণ ৫ বছর রঘুনাথপুর বিধানসভাবাসীর কোনও কাজ করেননি উনি। কোনও মানুষের পাশে দাঁড়াননি। তাই কোনও বহিরাগত বা সমাজের নাম করে টাকা তোলার ব্যক্তিকে যেন টিকিট না দেওয়া হয়। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ।'

বিজেপি বিধায়কের বিরুদ্ধে এইরকম চাঞ্চল্যকর নিষ্ক্রিয়তা এবং আর্থিক বেনিয়মের কথা ওঠায় রীতিমতো শোরগোল বেঁধে গিয়েছে রঘুনাথপুর শিল্পতালুকে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই পোস্টার কি সত্যিই শিল্পশহরের সাধারণ মানুষ দিয়েছেন, নাকি এর নেপথ্যে রয়েছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী কলহ? যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। তিনি এই ঘটনার দায় সরাসরি শাসক দলের ঘাড়ে চাপিয়ে বলেন, এ সবই তৃণমূলের কাজ। এর পেছনে তৃণমূল জড়িত। পোস্টারে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনও ভিত্তি নেই। আমার রঘুনাথপুর বিধানসভার সাধারণ মানুষজন জানেন আমি কী কাজ করেছি।' অন্যদিকে, ঘাসফুল শিবিরের তরফ থেকে এই পোস্টার-কাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। পুরুলিয়া জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা একুশের বিধানসভায় রঘুনাথপুর আসন থেকে তৃণমূলের প্রার্থী হওয়া হাজারি বাউরি বলেন, 'ওই বিধায়কের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওই পোস্টার রঘুনাথপুরের মানুষজন দিয়েছেন। বিধায়ক তো কোনও কাজ করেননি। তাই পোস্টারে রঘুনাথপুরের মানুষকে অন্ধকারে রাখার কথা উল্লেখ রয়েছে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe