...
...
Next Story

বাড়ির দরজার সামনেই পড়ে অন্তঃসত্ত্বা মহিলার দেহ! সাতসকালে ভয়াবহ দৃশ্য দুর্গাপুরে, খুন নাকি অন্য রহস্য?

শনিবার সকাল প্রায় পৌনে ছ'টা নাগাদ ঘটনাটি প্রথম নজরে আসে স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ ঘোষের। তিনি সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ার বাসিন্দা। পেশায় নিরাপত্তারক্ষী শম্ভুনাথবাবু রাতের ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢোকার সময়ই তাঁর চোখে পড়ে দরজার সামনে পড়ে রয়েছে এক যুবতীর দেহ।

Published on: Nov 28, 2026, 09:44:12 IST
Advertisement

সাতসকালে বাড়ির দরজা খুলতেই সামনে পড়ে রয়েছে এক অন্তঃসত্ত্বা মহিলার নিথর দেহ! এমন ভয়াবহ দৃশ্য দেখে কার্যত শিউরে উঠলেন বাড়ির মালিক। শনিবার ভোরে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত তাঁতিপাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তিনি কোথা থেকে এলেন, কীভাবে তাঁর মৃত্যু হল কিংবা কে বা কারা তাঁর দেহ ওই বাড়ির সামনে ফেলে গেল, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। মহিলার মৃত্যুর পিছনে খুনের ঘটনা রয়েছে কি না, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

বরানগরে বন্ধ ফ্ল্যাটে মিলল তরুণীর দেহ, পরদিন মৃতার ফোন থেকে পরিবারকে হুমকি মেসেজ
বরানগরে বন্ধ ফ্ল্যাটে মিলল তরুণীর দেহ, পরদিন মৃতার ফোন থেকে পরিবারকে হুমকি মেসেজ

শনিবার সকাল প্রায় পৌনে ছ'টা নাগাদ ঘটনাটি প্রথম নজরে আসে স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ ঘোষের। তিনি সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ার বাসিন্দা। পেশায় নিরাপত্তারক্ষী শম্ভুনাথবাবু রাতের ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢোকার সময়ই তাঁর চোখে পড়ে দরজার সামনে পড়ে রয়েছে এক যুবতীর দেহ। কাছে গিয়ে বুঝতে পারেন, ওই মহিলা অন্তঃসত্ত্বা। তাঁর পরনের শাড়িও কিছুটা এলোমেলো ছিল। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান।

শম্ভুনাথ ঘোষ জানিয়েছেন, প্রথমে দেহটি দেখে তিনি ভেবেছিলেন, হয়তো তাঁর মানসিক ভারসাম্যহীন বোন কোনও বিপদে পড়েছেন। সেই আশঙ্কায় স্ত্রী ও ছেলেকে ডাকেন। পরে কাছে গিয়ে বুঝতে পারেন, ওই মহিলা তাঁদের পরিবারের কেউ নন। তাঁর কথায়, সকাল পৌনে ছ'টা নাগাদ বাড়িতে ফিরে প্রথম এই দৃশ্য দেখতে পান তিনি। এরপরই এলাকায় খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় জমান।

সবচেয়ে বড় রহস্য মহিলার পরিচয় ঘিরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলা তাঁতিপাড়ার বাসিন্দা নন। তাহলে এত সকালে তিনি সেখানে কীভাবে পৌঁছলেন? রাতে কি কারও সঙ্গে এসেছিলেন? নাকি অন্য কোথাও তাঁর মৃত্যু হওয়ার পর দেহ এনে বাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ।

মহিলা কোনও নির্যাতনের শিকার হয়েছিলেন কি না, তা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। দেহের অবস্থা, মৃত্যুর সময় এবং সম্ভাব্য কারণ জানতে ময়নাতদন্তের পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।

একজন অন্তঃসত্ত্বা মহিলার এমন রহস্যমৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কে ওই মহিলা, তাঁর পরিবারের সদস্যরা কোথায় এবং কীভাবে এমন মর্মান্তিক পরিণতি হল, তা জানতে চাইছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণই পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks