...
...
Next Story

PM Modi: চলতি মাসেই কলকাতায় প্রধানমন্ত্রী! উদ্বোধন হতে পারে অরেঞ্জ লাইন মেট্রোর

PM Modi: এবারের সফরে প্রধানমন্ত্রীর হাত ধরে একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা হতে চলেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি মাসেই নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।

Published on: Nov 13, 2026, 21:00:43 IST
Advertisement

PM Modi: চলতি মাসেই ফের একবার কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সব ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর, একদিনের বিশেষ সফরে তিলোত্তমায় পা রাখবেন তিনি। প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, ওইদিন সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচিতে, যেখানে তাঁর হাত ধরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই মেগা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এছাড়াও সেখানে হাজির থাকবেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendramodi.in )
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendramodi.in )

এবারের সফরে প্রধানমন্ত্রীর হাত ধরে একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা হতে চলেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি মাসেই নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন বলে সূত্রের খবর। যদিও সেই বিষয়টি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। রাজ্য বিজেপির (BJP) তরফে পরবর্তীকালে প্রধানমন্ত্রীর সফরসূচির চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

গত ৪ মে রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর এটিই হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় বঙ্গ সফর। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে সশরীরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেদিন ধুতি-পাঞ্জাবিতে একেবারে ‘বাঙালিবাবু’ বেশে সেজে রাজ্যে পরিবর্তনের রায় দেওয়ার জন্য বাংলার সাধারণ মানুষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ভাষণ দিয়েছিলেন তিনি। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পর ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, এবং মনে করা হচ্ছে এবারের সফরের মূল আকর্ষণ হতে চলেছে মেট্রো প্রকল্পের উদ্বোধন। কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর (অরেঞ্জ লাইন) মেট্রো প্রকল্প কবে চালু হবে, তা নিয়ে বহু কলকাতাবাসীর মনেই প্রশ্ন ছিল। কিন্তু চিংড়িহাটা মোড়ে মেট্রোর কাজ থমকে থাকায় সেই আশা এক সময় ক্ষীণ হতে শুরু করেছিল। আগের সরকারের আমলে প্রায় দেড় বছর অনুমতি না মেলায় চিংড়িহাটা মেট্রোর প্রকল্পের কাজ আটকে ছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই সেই জট কাটে এবং কাজে দ্রুত গতি আসে। সম্ভবত ২১ নভেম্বর কলকাতায় এসে প্রধানমন্ত্রী সেই মেট্রোপথের উদ্বোধন করবেন। নিজেও মেট্রো সফর করতে পারেন। এই লাইনটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার শহরতলি থেকে সেক্টর ফাইভের অফিসপাড়ায় যাতায়াত অতি সহজ হয়ে যাবে অফিসযাত্রীদের কাছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks