...
...
Next Story

Rahul Gandhi in WB: ভোটবঙ্গে রাহুলের নিশানায় মমতা, আক্রমণ আরজি কর থেকে শিল্প-কর্মসংস্থান ইস্যুতে

রাহুল গান্ধী আজ বলেন, 'এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটে। আরজি করে যে ঘটনা ঘটেছে, তাতে তৃণমূলের গুন্ডাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আর সরকার এই বিষয়ে কোনও দায় নেয়নি। তৃণমূলের গুন্ডারা যা করতে চায়, তা-ই করতে পারে।'

Published on: Apr 14, 2026, 14:05:56 IST
Advertisement

দিল্লিতে গলায় গলায়, তবে বিধানসভা ভোটের আগে বঙ্গে এসে তৃণমূলের সমালোচনায় সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ রায়গঞ্জে কংগ্রেসের হয়ে নির্বাচনী জনসভায় ভাষণ দেন রাহুল গান্ধী। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান আরজি কর থেকে শুরু করে শিল্প খাতে অবনতি এবং কর্মসংস্থানের অভাব ইস্যুতে। রাহুল গান্ধী আজ বলেন, 'এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটে। আরজি করে যে ঘটনা ঘটেছে, তাতে তৃণমূলের গুন্ডাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আর সরকার এই বিষয়ে কোনও দায় নেয়নি। তৃণমূলের গুন্ডারা যা করতে চায়, তা-ই করতে পারে।'

বঙ্গে এসে মমতাকে আক্রমণ রাহুল গান্ধীর (ফাইল ছবি) (@INCIndia X)
বঙ্গে এসে মমতাকে আক্রমণ রাহুল গান্ধীর (ফাইল ছবি) (@INCIndia X)

এদিকে বেকার ভাতা নিয়ে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ আগে শিল্পের কেন্দ্র ছিল। বামপন্থীরা এবং তার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুরো শিল্পকে নষ্ট করে দিয়েছেন। মমতাজি এখানে বেকারদের ভাতা দিচ্ছেন। এর আগে ২০২১ সালে তৃণমূল পশ্চিমবঙ্গবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল, ৫ লক্ষ লোকের রোজগারের ব্যবস্থা করবে। কত জনের রোজগারের ব্যবস্থা হয়েছে? কত সংস্থা বন্ধ হয়েছে? কত কারখানা বন্ধ হয়েছে? এখন ৮৪ লক্ষ যুবক বেকার ভাতার জন্য আবেদন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫ লক্ষ যুবকের রোজগারের ব্যবস্থা করবেন। আর ৮৪ লক্ষ যুবক বেকার ভাতার লাইনে দাঁড়িয়েছেন। মজার কথা।'

এদিকে আজ বিজেপিকেও আক্রমণ শানান রাহুল। বলেন, 'বিজেপি এবং তৃণমূল উভয়েই হিংসা ছড়ায়। কংগ্রেস হিংসার বিরুদ্ধে। আমরা হিংসা ছড়াই না। আমরা জাতপাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে কখনও অশান্তি পাকাই না। বিজেপি হিংসা ছড়ায়। ওদের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড। ওদের নিয়ে তো কথাই বলব না। অন্য দিকে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য পথ খুলে দিচ্ছে তৃণমূল। কারণ, তৃণমূল নিজের কাজ করলে, আপনাদের আয়ের ব্যবস্থা করলে, হিংসা না ছড়ালে এখানে বিজেপি-কে দেখাই যেত না।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe