...
...
Next Story

Weather Update: প্রবল বৃষ্টিই মাটি করবে রথের আনন্দ! দেশে সক্রিয় একাধিক সিস্টেম, সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

West Bengal Weather: কলকাতার ক্ষেত্রে মঙ্গলবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Published on: Jul 14, 2026, 11:35:53 IST
Advertisement

West Bengal Weather: একাধিক আবহাওয়া ব্যবস্থা একসঙ্গে সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার দুপুর পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পরে থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার দিন থেকেই বৃষ্টির দাপট বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট একটু কম থাকলেও শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা।

সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আবহবিদরা জানিয়েছেন, বর্তমানে দেশের উপর একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ ওয়েদার সিস্টেম সক্রিয় রয়েছে। রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে উত্তর-পূর্ব ভারতে মণিপুর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি, বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এ ছাড়াও, বিহার থেকে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই তিনটি আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই গোটা বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতার ক্ষেত্রে মঙ্গলবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের বদলাবে আবহাওয়ার চিত্র। রথযাত্রার দিন কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। একেবারে উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতি এবং শুক্রবার আকাশ কিছু পরিষ্কার থাকতে পারে। তবে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার একেবারে উত্তরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। রবি এবং সোমবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। ওই দু’দিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির দাপট থাকবে অন্য জেলাগুলিতেও।

সব মিলিয়ে রথযাত্রার আগে রাজ্যজুড়ে ফের সক্রিয় হচ্ছে বর্ষার দাপট। তাই আগামী কয়েকদিন বাইরে বেরোনোর আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস দেখে নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe