বাংলার ১৮ তম বিধানসভার স্পিকার পদে কে বসবেন, তা নিয়ে জল্পনা ছিলই। বহু সময়ই তাপস রায়ের নাম হাওয়ায় ভাসতে থাকে। রাজ্যে নয়া বিজেপি সরকারের কোন কোন বিধায়করা বড় পদ পেতে পারেন, তা নিয়ে চায়ের ঠেক থেকে ট্রেনের আড্ডায় বহু আলোচনার ঝড় উঠেছে বাংলার বুকে! অবশেষে যাবতীয় জল্পনার যবনিকা পতন করে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের ১৮ তম বিধানসভার স্পিকার পদের জন্য রথীন্দ্র বসুকে মনোনীত করা হয়েছে।

উত্তরবঙ্গ বরাবরই ভোট ময়দানে বিজেপিকে ভরসার পিচ দিয়েছে! এবারের ভোটেও উত্তরবঙ্গ সেই জায়গা থেকে নিরাশ করেনি। সেই উত্তরবঙ্গের কোচবিহারের প্রথমবারের বিধায়ক রথীন্দ্র নাথ বসুই এবার হলেন বিধানসভার স্পিকার হতে চলেছেন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। জানা যায়, দীর্ঘদিন সংঘের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে রথীন্দ্রনাথের। উল্লেখ্য, দলের একাধিক কাজের দায়িত্ব এর আগে সামলেছেন রথীন্দ্রনাথ। বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্ব ছিল তাঁর কাঁধে। এছাড়াও উত্তরবঙ্গে বিজেপির জমি পোক্ত করতেও সক্রিয় ছিলেন তিনি। বিজেপির উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়কের দায়িত্বও তিনি সামলেছেন। এছাড়াও উত্তরবঙ্গ থেকে এর আগে, বাংলার স্পিকার পদে আর কেউ বসেছেন কি না, তা নিয়েও চর্চা উস্কে দিয়েছে গেরুয়া শিবিরের এই সিদ্ধান্ত। জানা যায়, রথীন্দ্রনাথ বসুর পরিচিতি সুবক্তা হিসাবেও রয়েছেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
এদিন সোশ্যাল মিডিয়ায় রথীন্দ্রনাথ বসুর নাম বিধানসভার অধ্যক্ষ হিসাবে ঘোষণা করে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেই পোস্টে লেখা থাকে, ‘ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।’ নিয়ম বলছে, বিধায়কদের শপথের পর বিধানসভায় স্পিকার পদে নির্বাচন হওয়ার কথা। তবে রথীন্দ্রনাথের পক্ষে যদি বিরোধীরা সায় দেয়, বা স্পিকার পদে পালটা কাউকে প্রার্থী না করে, তাহলে নির্বাচনের প্রয়োজন হবে না। সর্বসম্মতিক্রমেই স্পিকার নির্বাচিত হবেন তিনি। এদিকে, যেহেতু বিধানসভায় বিজেপি বিধায়কদের সংখ্যা বেশি, তাতে নির্বাচনের ফলাফলের পাল্লা রথীন্দ্রনাথের দিকেই ঝুঁকে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে রথীন্দ্র নাথ বসু বলেন,'দল যে দায়িত্ব দিয়েছে, সেটাই ১০০ শতাংশ দিয়ে পালন করব।'