Nirmal Ghosh arrested in RG Kar Case: আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হল পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ। সূত্রের খবর, ওড়িশা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের দেহ দ্রুত সৎকার করে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল যে প্রমাণ লোপাটের জন্যই সেই কাজ করা হয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। রবিবার (৯ অগস্ট - আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে এফআইআর দায়েরের নির্দেশ দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। পরদিনই খড়দা থানায় নির্মল, তৎকালীন স্থানীয় পুর কাউন্সিলর সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। আর তার তিনদিনের মাথায় গ্রেফতার করা হয়েছে নির্মলকে।
ওড়িশায় গা-ঢাকা, নয়া সিমকার্ড ব্যবহার নির্মল ঘোষের

পুলিশ সূত্রে খবর, খড়দা থানায় নতুন করে এফআইআর দায়েরের পরই পালিয়ে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক। গা-ঢাকা দেন ওড়িশায়। পুলিশ যাতে ধরতে না পারে, সেজন্য ব্যবহার করছিলেন নতুন সিমকার্ড। সেখান থেকে হাতেগোনা ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। শেষপর্যন্ত ওই সিমকার্ডের টাওয়ার লোকেশন ধরেই নির্মলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে ওড়িশার হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রাতেই কলকাতায় আনা হবে নির্মলকে
সূত্রের খবর, আজ ওড়িশার স্থানীয় আদালতে পেশ করা হবে নির্মলকে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতের মধ্যেই তাঁকে কলকাতায় নিয়ে এসে শুক্রবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
‘ভিআইপি দেহ’ আসছে, অভিশপ্ত রাতে বার্তা শ্মশানে
{{/usCountry}}‘ভিআইপি দেহ’ আসছে, অভিশপ্ত রাতে বার্তা শ্মশানে
{{/usCountry}}এমনিতে নির্মলদের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছে অভয়ার পরিবার। শ্মশানের কর্মীদের দাবি, ২০২৪ সালের ৯ অগস্টের সেই অভিশপ্ত রাতে বার্তা দেওয়া হয়েছিল যে 'ভিআইপি দেহ' আসছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে অভয়ার দেহ যখন আনা হয়েছিল, তখন চুল্লিতে আরও একটি দেহ ছিল। আর অপেক্ষায় ছিল আরও দুটি পরিবার। 'ভিআইপি দেহ' বলে আগে দাহ করে দেওয়া হয়েছিল অভয়ার দেহ।