...
...
Next Story

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএর নজরে সাবিনা ইয়াসমিন, স্বামী মেহবুবকেও তলব!

গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক-২ ব্লক অফিস চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এসআইআরের কাজ চলাকালীন সাত জন বিচারবিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

Published on: Nov 17, 2026, 12:11:24 IST
Advertisement

মালদহের মোথাবাড়ি কাণ্ডের তদন্তে ফের তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এ বার ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে। শুধু সাবিনা নন, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও। আগামী সপ্তাহে দু'জনকেই তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং তাঁদের গাড়িতে হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তদন্তের পরবর্তী পর্যায়ে কি আরও কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসতে চলেছে?

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএর নজরে সাবিনা ইয়াসমিন, স্বামী মেহবুবকেও তলব!
মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএর নজরে সাবিনা ইয়াসমিন, স্বামী মেহবুবকেও তলব!

গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক-২ ব্লক অফিস চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এসআইআরের কাজ চলাকালীন সাত জন বিচারবিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি ছিল, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। সেই বিক্ষোভ ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে।

ব্লক অফিসের ভিতরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় বিচারকদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় বিচারবিভাগীয় আধিকারিকদের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। মহিলা বিচারক-সহ একাধিক আধিকারিককে হেনস্তার অভিযোগ সামনে আসে। গোটা ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। পরে ঘটনার তদন্তভার নেয় এনআইএ।

এই তদন্তের সূত্রেই এর আগে সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। গত ২৪ সেপ্টেম্বর সাবিনাকে ফের তলব করা হয়েছিল। সে দিন সকাল ১১টার মধ্যে মালদহের কালিয়াচক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। কিন্তু স্বামী মেহবুব আলম অসুস্থ থাকায় কলকাতায় থাকতে হয়েছিল বিধায়ককে। তাঁর স্বামী তখন শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। ফলে মালদহে না গিয়ে কলকাতায় এনআইএর দফতরে হাজিরা দেন সাবিনা।

এ বার দু'জনকেই ফের একসঙ্গে তলব করায় তদন্তের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এসআইআর বিরোধী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা বলে খবর। তবে এনআইএ তলব করেছে মানেই সাবিনা বা তাঁর স্বামী অপরাধে যুক্ত, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। তদন্তের স্বার্থেই তাঁদের কাছ থেকে আরও তথ্য জানতে চাইছেন আধিকারিকেরা।

এখন নজর আগামী সপ্তাহের হাজিরার দিকে। সাবিনা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে মোথাবাড়ি কাণ্ডে নতুন কোনও তথ্য বা সূত্র হাতে আসে কি না, সেটাই দেখার। একই সঙ্গে এই ঘটনায় তদন্তের পরিধি আরও বাড়ে কি না, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks