North Bengal Train Cancelled: মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধসের জেরে গত তিন দিন ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাতভর যুদ্ধকালীন তৎপরতায় ফরাক্কার কাছে ধসে বসে যাওয়া রেললাইন সারাইয়ের কাজ চলছে। শুক্রবার মধ্যরাতেও চলেছে মেরামতির কাজ। তবে এখনও রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পরিস্থিতিতে শনিবারও বাতিল রয়েছে অধিকাংশ ট্রেন। একই সঙ্গে ঘুরপথে চালানো হবে বন্দে ভারত, শতাব্দী এবং সরাইঘাট এক্সপ্রেস।

নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বৃহস্পতিবার রাত থেকে বিপর্যস্ত ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করেছিলেন, শুক্রবার রাতের মধ্যেই রেল লাইন মেরামতি শেষ হবে। কিন্তু শনিবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেই কাজ এখনও শেষ করা যায়নি। তবে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কাজ একেবারে শেষের পথে। ফলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না শনিবারও। যদিও শুক্রবার বিকেলেই রেল জানিয়েছিল, শনিবার উত্তরবঙ্গ রুটে শুধু আপ লাইনেই ট্রেন চলবে। ডাউন লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল।
শনিবার কোন কোন ট্রেন বাতিল?
শুক্রবার বিকেলেই পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফেরার ট্রেনগুলি শনিবার বাতিল থাকবে। সেই তালিকায় রয়েছে-
১. গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
২. বামনহাট–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
৩. আলিপুরদুয়ার–শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
৪. হলদিবাড়ি–শিয়ালদহ দার্জিলিং মেল
৫. বালুরঘাট–শিয়ালদহ এক্সপ্রেস
৬. নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস
৭. জলপাইগুড়ি রোড–পদাতিক হামসফর এক্সপ্রেস
{{/usCountry}}৭. জলপাইগুড়ি রোড–পদাতিক হামসফর এক্সপ্রেস
{{/usCountry}}৮. রাধিকাপুর–কলকাতা এক্সপ্রেস
৯. যোগবাণী–কলকাতা এক্সপ্রেস
১০. কাটিহার– হাওড়া এক্সপ্রেস
১১. নাহারলাগুন–সাঁতরাগাছি স্পেশাল
১২. রাধিকাপুর–হাওড়া কুলিক এক্সপ্রেস
১৩. বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস
১৪. নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা–তোর্সা এক্সপ্রেস
১৫. মালদা টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
শনিবার সকালেও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে—
১. মালদা টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার
২. মালদা টাউন–সাহেবগঞ্জ মেমু
৩. সাহেবগঞ্জ–আজিমগঞ্জ মেমু
৪. ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার
৫. সাহেবগঞ্জ–মালদহ টাউন মেমু
৬. আজিমগঞ্জ–সাহেবগঞ্জ মেমু
৭. আজিমগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার
৮. আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার
কোন কোন ট্রেন ঘুরপথে যাবে?
পূর্ব রেল জানিয়েছে, নির্ধারিত রুটের পরিবর্তে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল রুট দিয়ে কিছু ট্রেন চালানো হবে। নিউ জলপাইগুড়ি থেকে শতাব্দী এক্সপ্রেস এবং গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস হাওড়ায় ফিরবে এই রুট দিয়ে। আবার হাওড়া থেকে রওনা হয়ে এই রুট দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং কলকাতা–হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসও এই পথে চলবে।
শনিবার নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নলহাটি রুট দিয়ে চলবে বালুরঘাট–এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস, আগরতলা–চারলাপল্লি এক্সপ্রেস, এসএমভিবি বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস এবং তাম্বারাম–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। আবার কাটিহার-মানসি-মুঙ্গের-কিউল রুট দিয়েও কিছু ট্রেন চালানো হবে। সেই তালিকায় রয়েছে— মালদা টাউন–নয়া দিল্লি এক্সপ্রেস, ভাটিন্দা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস এবং উধনা–মালদা টাউন স্পেশাল।
কতদূর এগোল মেরামতির কাজ?
পূর্ব রেলের এক্স হ্যান্ডলেও জানানো হয়েছে, রেললাইন মেরামতির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার সিগন্যালিং এবং পিওয়ে-র শেষ পর্যায়ের কাজ চলছে। ট্রেন চলাচল সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক করতে রেলের উচ্চ পদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং কর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করছেন। এই প্রসঙ্গে শনিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি সংবাদমাধ্যম এই সময় অনলাইন-কে বলেন, ‘কাজ প্রায় শেষের পথে। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ প্রসঙ্গত, পিওয়ে অর্থাৎ পার্মানেন্ট ওয়ে। রেললাইনের সার্বিক পরিকাঠামো— ইস্পাতের পাত, স্লিপার (ব্যালাস্ট বা পাথরের উপর পাতা কংক্রিট বা কাঠের ব্লক), পাথর (ব্যালাস্ট) এবং লাইনের সংযোগকারী সমস্ত যন্ত্রাংশকে একসঙ্গে পার্মানেন্ট ওয়ে বলা হয়।