...
...
Next Story

'ইন্টেলেকচুয়ালি নিম্নমানে!' কমরেড ছাত্রীর যৌন হেনস্থার পর অজুহাত SFI নেতার, অস্বস্তিতে বাম শিবির

বুধবার থেকেই এসএফআইয়ের কলকাতা জেলার সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের আগে যাতে অস্বস্তি না বাড়ে তাই ওই ছাত্রী কমরেডের অভিযোগ ধামাচাপা দিয়ে রাখারই প্রাণপণ চেষ্টায় সিপিএম।

Published on: Mar 11, 2026, 12:35:56 IST
Advertisement

সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের অন্দরে ফের যৌন হেনস্তার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কলকাতার এক ছাত্রী কমরেড সরাসরি সংগঠনেরই এক ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। অভিযুক্ত ও অভিযোগকারিণী- দু’জনেই এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। এমন পরিস্থিতিতে বুধবার থেকে শুরু হওয়া কলকাতা জেলা সম্মেলনের ঠিক আগে বিষয়টি প্রকাশ্যে আসায় সংগঠনের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ছাত্রী কমরেডের যৌন হেনস্তার অভিযোগ (For representation)
ছাত্রী কমরেডের যৌন হেনস্তার অভিযোগ (For representation)

বুধবার থেকেই এসএফআইয়ের কলকাতা জেলার সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের আগে যাতে অস্বস্তি না বাড়ে তাই ওই ছাত্রী কমরেডের অভিযোগ ধামাচাপা দিয়ে রাখারই প্রাণপণ চেষ্টায় সিপিএম। সংগঠনের ভেতর থেকেই অভিযোগ উঠেছে, কলকাতা জেলার সম্পাদকমণ্ডলীর এক মহিলা সদস্য লিখিতভাবে আর এক সম্পাদকমণ্ডলীর সদস্যের বিরুদ্ধে যৌন ও মানসিক হেনস্থার অভিযোগ জানিয়েছেন। সূত্রের খবর, বেলেঘাটা এলাকার যে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ তিনি এসএফআই রাজ্য কমিটির সদস্যও। অভিযুক্ত ওই এসএফআই নেতার পার্টিতেও পরিচিতি রয়েছে। তাঁর বিরুদ্ধে লিখিতভাবেই ওই ছাত্রী কমরেড অভিযোগ জানালেও সংগঠনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রনেতার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক ছিল অভিযোগকারিণীর। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। সেই সূত্রে দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। পরে ওই ছাত্রী জানতে পারেন যে অভিযুক্ত নেতার অন্য একাধিক মহিলার সঙ্গেও সম্পর্ক রয়েছে। সেই নিয়ে প্রশ্ন তোলায় অভিযুক্ত নেতা তাঁকে ‘ইন্টেলেকচুয়ালি নিম্নমানের’ বলে অপমান করেছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এসএফআইয়ের অন্দরের একাংশের দাবি, এই ঘটনার পর অভিযোগকারিণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সংগঠনের ভিতরেই তাঁকে বিষয়টি আর না বাড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কারণ, অভিযুক্ত ছাত্রনেতা নাকি কলকাতা জেলা এসএফআইয়ের সভাপতি বা সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন বলে সংগঠন সূত্রে খবর। ফলে জেলা সম্মেলনের আগে বিষয়টি সামনে আসায় এসএফআই নেতৃত্বের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe