Singapore-based company in Bengal: বাংলায় লগ্নি করতে চাই, বলল সিঙ্গাপুরের সংস্থা, নিজে থেকেই যোগাযোগ ৪২ শিল্পপতির
Singapore-based company in Bengal: পশ্চিমবঙ্গে লগ্নি করতে চাই, কলকাতায় এসে বার্তা দিলেন সিঙ্গাপুরের সংস্থার প্রতিনিধি। যিনি সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (ইন্ডিয়া বিজনেস কাউন্সিল) চেয়ারম্যান। তাছাড়াও নিজে থেকেই যোগাযোগ ৪২ শিল্পপতির।
Singapore-based company in Bengal: পশ্চিমবঙ্গে বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করল সিঙ্গাপুরের সংস্থা। সেই বিষয়টি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন 'ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ' নামে ওই সংস্থার চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজের চেয়ারম্যান তথা সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (ইন্ডিয়া বিজনেস কাউন্সিল) চেয়ারম্যান জানিয়েছেন, বাংলায় বিনিয়োগ করার জন্য তাঁরা মুখিয়ে আছেন। ভারতের বিভিন্ন প্রান্তে শিল্পপার্ক তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গেও লজিস্টিক পার্কে বিনিয়োগের ক্ষেত্রে তাঁরা আগ্রহী বলে জানিয়েছেন ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজের চেয়ারম্যান।

সিঙ্গাপুরের সংস্থার সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর
সেই সাক্ষাতের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অত্যন্ত আনন্দিত বোধ করছি। তিনি আজ নবান্নে সৌজন্যমূলক সাক্ষাতে এসেছিলেন। আমি এমন ফলপ্রসূ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার অপেক্ষায় আছি, যা আর্থিক বৃদ্ধি ও কৌশলগত উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলোকে উন্মোচন করবে। তার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।’
বাংলায় বিনিয়োগ করতে চেয়ে ৪২ শিল্পপতির যোগাযোগ
তবে ওই সংস্থা নয়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে প্রায় ৫০টি সংস্থা বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ৪২ জনের মতো শিল্পপতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেছেন পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী।
বাজেটে বিশেষ নজর শিল্পে
এমনিতে আগামী ২২ জুন প্রথম বাজেট পেশ করবে শুভেন্দু সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের ‘দুর্দশা’ কাটিয়ে পশ্চিমবঙ্গে শিল্প এবং বড় অঙ্কের বিনিয়োগের ধারা ফিরিয়ে আনতে একাধিক ঘোষণা করা হতে পারে বাজেটে। সংশ্লিষ্ট মহলের ধারণা, বাজেটে নয়া শিল্প ও বিনিয়োগের নীতিও ঘোষণা করা হতে পারে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ আনতে বিশেষভাবে নজর দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


