...
...
Next Story

South Bengal Heavy Rain: শক্তি বাড়াল নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দিনভর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Published on: Jul 05, 2026 12:41 PM IST
Advertisement

রবিবার ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। সকাল গড়াতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও আবার অঝোর ধারায় বৃষ্টি নামে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির দাপট দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দিনভর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। (Amit Ghosh)
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দিনভর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। (Amit Ghosh)

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দিনভর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, যার ফলে জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টিতে জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে। অফিসযাত্রীদের একাংশকে ভোগান্তির মুখে পড়তে হয়েছে। শহরের একাধিক রাস্তায় জল জমার আশঙ্কাও রয়েছে।

বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বড় গাছ, দুর্বল কাঠামো বা বিদ্যুতের তারের কাছাকাছি অপ্রয়োজনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলকভাবে কম থাকবে। দার্জিলিং, কালিম্পং-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি স্থলভাগের দিকে অগ্রসর হওয়ায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। তাই অপ্রয়োজনে বাইরে না বেরোনো, জল জমা রাস্তা এড়িয়ে চলা এবং আবহাওয়া দফতরের পরামর্শ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe