...
...
Next Story

প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনে স্ত্রী দীপা ও ছেলে মিছিলের অনুপস্থিতি ঘিরে জল্পনা

কেন এলেন না দীপা? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, দীপাকে অনুষ্ঠানের বিষয়ে আগেই জানানো হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে কেরলের দায়িত্ব সামলাচ্ছেন। সেই কারণে তাঁকে অধিকাংশ সময় দিল্লি ও কেরলের মধ্যে যাতায়াত করতে হচ্ছে।

Published on: Nov 14, 2026, 08:30:09 IST
Advertisement

প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণে কলকাতার বিবাদী বাগে বসানো হল তাঁর পূর্ণাবয়ব মূর্তি। শুক্রবার, ১৩ নভেম্বর প্রিয়রঞ্জনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস, তৃণমূল এবং বামফ্রন্টের একাধিক প্রথম সারির নেতা। রাজনৈতিক মতাদর্শের বিভেদ ভুলে একই মঞ্চে দেখা গেল বিভিন্ন দলের নেতাদের। কিন্তু এত বড় অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ল একটি অনুপস্থিতি। উপস্থিত ছিলেন না প্রিয়রঞ্জনের স্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। দেখা যায়নি তাঁদের ছেলে মিছিল ওরফে প্রিয়দীপকেও। ফলে প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচন অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা।

প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনে স্ত্রী দীপা ও ছেলে মিছিলের অনুপস্থিতি ঘিরে জল্পনা
প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনে স্ত্রী দীপা ও ছেলে মিছিলের অনুপস্থিতি ঘিরে জল্পনা

কেন এলেন না দীপা? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, দীপাকে অনুষ্ঠানের বিষয়ে আগেই জানানো হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে কেরলের দায়িত্ব সামলাচ্ছেন। সেই কারণে তাঁকে অধিকাংশ সময় দিল্লি ও কেরলের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। অমিতাভের দাবি, দীপা তাঁকে জানিয়েছিলেন, সম্ভবত অনুষ্ঠানে আসতে পারবেন না। তবে আয়োজকদের অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছিলেন তিনি। অর্থাৎ, দলীয় সূত্রে দীপার অনুপস্থিতির কারণ হিসেবে কেরলের দায়িত্বকেই তুলে ধরা হয়েছে।

তবে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, এর পিছনে অন্য রাজনৈতিক সমীকরণও থাকতে পারে। তাঁদের দাবি, প্রিয়রঞ্জনের মূর্তি স্থাপনের পরিকল্পনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উত্তর কলকাতার প্রাক্তন কংগ্রেস নেতা সন্তোষ পাঠকের। উল্লেখযোগ্য বিষয়, সন্তোষ পাঠক ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে সামনে এসেছেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অমিতাভ চক্রবর্তী। ফলে বিজেপিতে যোগ দেওয়া নেতার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই দীপা দূরে থেকেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্মরণসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ বিজেপিকে আটকাতে কংগ্রেস ও সিপিএমকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, বিরোধীরা আলাদা আলাদা লড়াই করলে রাজনৈতিকভাবে লাভবান হবে বিজেপি। তবে কুণালের এই জোটের প্রস্তাবের বিরোধিতা করেন কংগ্রেস নেতারা। আয়োজক অমিতাভ চক্রবর্তী স্পষ্ট করে জানান, প্রিয়রঞ্জনের স্মৃতিতে আয়োজিত এই মঞ্চ কোনও রাজনৈতিক জোটের আলোচনা করার জায়গা নয়। এটি বহুত্ববাদী মঞ্চ। এখানে দলীয় রাজনীতির পরিবর্তে প্রয়াত নেতার অবদান স্মরণ করাই মূল উদ্দেশ্য।

প্রিয়রঞ্জন দাশমুন্সি ছিলেন বাংলার রাজনীতির এক প্রভাবশালী কংগ্রেস নেতা। কেন্দ্রীয় মন্ত্রিত্বের পাশাপাশি সংসদীয় রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিরোধী দলের নেতাদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। সেই কারণেই তাঁর স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ।

তবে প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনের মতো আবেগঘন অনুষ্ঠানে তাঁর স্ত্রী ও ছেলের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজনৈতিক মহলে আরও জল্পনা, ডিসেম্বর মাসে প্রদেশ কংগ্রেস দপ্তরে দীপা দাশমুন্সি প্রিয়রঞ্জনকে নিয়ে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। যদিও সেই পরিকল্পনা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks