তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনওরকম রাজনৈতিক সমঝোতা বরদাস্ত করবে না সিপিএম। এমনকী, পঞ্চায়েত থেকে পুরসভা দখলের জন্য স্থানীয় স্তরে তৃণমূলের সঙ্গে হাত মেলালেও সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে জেলা নেতৃত্ব। দু’দিনের রাজ্য কমিটির বৈঠক থেকে এমনই স্পষ্ট বার্তা দিল আলিমুদ্দিন স্ট্রিট। আগামী দিনের নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি দলের সাংগঠনিক অবস্থান আরও মজবুত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের শীর্ষ নেতৃত্ব। ফলে বাংলার রাজনীতিতে তৃণমূল ও সিপিএমের মধ্যে ফের দূরত্ব স্পষ্ট হল।

শুক্রবার শেষ হয়েছে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে মূলত গত আড়াই মাসের সাংগঠনিক কাজকর্ম, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে বামেরা। সেই পরিস্থিতিতে ক্ষমতা বা বোর্ড দখলের স্বার্থে তৃণমূলের সঙ্গে সমঝোতা করলে দলের এতদিনের রাজনৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়বে। তাই কোনও পরিস্থিতিতেই তৃণমূলের সঙ্গে সমঝোতা করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিংবা পুরসভা দখলের চেষ্টা করা যাবে না। কেউ এমন পদক্ষেপ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবেন জেলা নেতৃত্ব।
প্রসঙ্গত, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিকে মোকাবিলা করার প্রশ্নে সিপিএম ও তৃণমূলের মধ্যে কোনও সমঝোতা হতে পারে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বিশেষ করে জাতীয় স্তরে বিরোধী ঐক্যের বিভিন্ন কর্মসূচিতে দুই দলের নেতাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও বেড়েছিল। কিন্তু বাংলার ক্ষেত্রে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে সিপিএমের রাজ্য নেতৃত্ব। দলের বক্তব্য, জাতীয় স্তরের বিরোধী ঐক্য এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণকে এক করে দেখা যাবে না। রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে বামপন্থী শক্তিকে সামনে রেখেই। পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করার চেষ্টা চলবে।
বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম প্রার্থীদের খারাপ ফলাফল নিয়েও আলোচনা হয়। তবে এই পরাজয়কে বড়সড় সাংগঠনিক ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ দল। দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, নির্বাচনে পুলিশ-প্রশাসন ও নির্বাচন কমিশনের একাংশের সহযোগিতায় শাসকদল ভোটে কারচুপি করেছে বলে বৈঠকে অভিযোগ করেন সেলিম। পাশাপাশি উপনির্বাচনের কারণে বহু পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসতে পারেননি বলেও ব্যাখ্যা দেওয়া হয়। এই পরিস্থিতির সুযোগ বিজেপি পেয়েছে বলে দলীয় রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
{{/usCountry}}বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম প্রার্থীদের খারাপ ফলাফল নিয়েও আলোচনা হয়। তবে এই পরাজয়কে বড়সড় সাংগঠনিক ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ দল। দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, নির্বাচনে পুলিশ-প্রশাসন ও নির্বাচন কমিশনের একাংশের সহযোগিতায় শাসকদল ভোটে কারচুপি করেছে বলে বৈঠকে অভিযোগ করেন সেলিম। পাশাপাশি উপনির্বাচনের কারণে বহু পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসতে পারেননি বলেও ব্যাখ্যা দেওয়া হয়। এই পরিস্থিতির সুযোগ বিজেপি পেয়েছে বলে দলীয় রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
{{/usCountry}}এদিকে, আগামী দিনে জনসংযোগ বাড়ানোর উপরেও বিশেষ গুরুত্ব দিয়েছে সিপিএম। ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ‘বাড়ি বাড়ি বুক স্টল’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা বইয়ের স্টলে আসতে পারেননি, তাঁদের বাড়িতে গিয়ে বই ও দলের মুখপত্র পৌঁছে দেবেন কর্মীরা। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা ও সংস্কৃতির উপর আক্রমণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR বাতিলের দাবিতে এক মাসব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
দলের সদস্যপদ পুনর্নবীকরণ এবং নতুন সদস্য সংগ্রহের উপরেও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া অংশ এবং মহিলাদের আরও বেশি করে সংগঠনের মধ্যে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। কর্মীদের রাজনৈতিক শিক্ষার জন্য পার্টি ক্লাস বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে।
সব মিলিয়ে, তৃণমূলের সঙ্গে সমঝোতার রাস্তা বন্ধ করে নিজেদের রাজনৈতিক পরিচিতি ও সংগঠনকে শক্তিশালী করার কৌশল নিয়েছে আলিমুদ্দিন। আগামী পুরসভা ও অন্যান্য স্থানীয় নির্বাচনে এই অবস্থান কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।