...
...
Next Story

International Yoga Day: টানা বন্ধ রেড রোড! যোগ দিবসের অনুষ্ঠানে কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, কোন পথে গাড়ি ঘোরাল পুলিশ?

International Yoga Day: রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তার কারণে ১৪ জুন রাত ১০টা থেকেই রেড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হচ্ছে। আগামী ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

Published on: Jun 15, 2026, 23:11:13 IST
Advertisement

International Yoga Day: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। পালাবদলের বাংলায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতার রেড রোডে মহাসমারোহে এই বিশেষ দিনটি পালিত হতে চলেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর এই মেগা অনুষ্ঠানের প্রস্তুতির জন্যই শহরজুড়ে কড়া ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ। যোগ দিবস উপলক্ষে ১৪ জুন রাত থেকে কলকাতার রেড রোড শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হচ্ছে। জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে।

যোগ দিবসের অনুষ্ঠানে কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ
যোগ দিবসের অনুষ্ঠানে কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ

রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তার কারণে ১৪ জুন রাত ১০টা থেকেই রেড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হচ্ছে। আগামী ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণ ও মধ্য কলকাতার বহু রুটে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের হয়রানি রুখতে একাধিক বিকল্প রাস্তার কথাও জানিয়েছে পুলিশ। যোগ দিবসের দিন অর্থাৎ ২১ জুন ট্র্যাফিক নিয়ন্ত্রণ আরও কড়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই রাস্তাগুলির মধ্যে রয়েছে মৌলালি মোড় থেকে এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ, সেন্ট জর্জেস গেট রোড, সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ এবং জওহরলাল নেহরু রোডের উভয় দিক। এছাড়া স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট কিছু অংশেও ভারী বা পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আগামী শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রবিবার ‘আন্তর্জাতিক যোগ দিবসের’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গত বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৪ সালে রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসাবে ঘোষণা করেন। পরে তা বিশ্বব্যাপী ভাল সাড়া ফেলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks