...
...
Next Story

Sumit Roy Arrested: সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হতেই গ্রেফতার সুমিত, অভিষেকের বাড়িতে CID-STF

বৃহস্পতিবার দুপুরে কার্যত নাটকীয় পরিস্থিতির মধ্যেই অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করা হয়। রিপোর্ট অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা নাগাদ সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পরই সুমিতের খোঁজে তৎপর হয় সিআইডি ও এসটিএফ।

Published on: Sep 10, 2026, 14:08:59 IST
Advertisement

সুপ্রিম কোর্টে আর মিলল না রক্ষাকবচ। আগাম জামিনের আবেদন খারিজ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে কার্যত নাটকীয় পরিস্থিতির মধ্যেই অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করা হয়। রিপোর্ট অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা নাগাদ সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পরই সুমিতের খোঁজে তৎপর হয় সিআইডি ও এসটিএফ।

বৃহস্পতিবার দুপুরে কার্যত নাটকীয় পরিস্থিতির মধ্যেই অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করা হয়। (PTI)
বৃহস্পতিবার দুপুরে কার্যত নাটকীয় পরিস্থিতির মধ্যেই অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করা হয়। (PTI)

শালবনি ও ডেবরার জমি দুর্নীতি, চাকরি দেওয়ার নামে প্রতারণা-সহ একাধিক মামলায় সুমিত রায়ের নাম জড়িয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ ও সিআইডি। এর আগে তাঁর সন্ধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, বেহালার বাড়ি এবং হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি হয়েছিল।

এই পরিস্থিতিতে আইনি রক্ষাকবচ পেতে একাধিকবার আদালতের দ্বারস্থ হন সুমিত। সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এক পর্যায়ে অন্তর্বর্তী স্বস্তিও পেয়েছিলেন তিনি। সেই সময় আড়াল থেকে বেরিয়ে সিআইডির দফতর ভবানী ভবনে হাজিরা দেন সুমিত। তাঁকে টানা কয়েক দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জমি দুর্নীতি ও চাকরি দুর্নীতির মামলায় তাঁর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চান তদন্তকারীরা।

তবে তদন্তে সুমিত রায় সহযোগিতা করছেন না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিল রাজ্য। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন ওঠে। নিজের পদবির ইংরেজি বানান ‘ROY’ এবং ‘RAY’ ব্যবহার করে তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগও আদালতে তোলা হয়েছিল।

তথ্য অনুযায়ী, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গেট খোলে। ১টা ২০ মিনিটের মধ্যে সুমিত রায়কে দেখা যায়। তার কয়েক মিনিটের মধ্যেই, দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে সিআইডি। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের মাত্র এক ঘণ্টার মধ্যেই আদালতে রক্ষাকবচ হারানো সুমিতকে হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা।

সুমিতের গ্রেফতারির ফলে শালবনি-ডেবরার জমি ও চাকরি সংক্রান্ত মামলার তদন্তে নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। এবার তাঁকে হেফাজতে নিয়ে আর্থিক লেনদেন, জমি সংক্রান্ত অভিযোগ এবং একাধিক মামলায় তাঁর ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি। দীর্ঘদিন ধরে চলা সুমিতকে ঘিরে আইনি টানাপড়েনের আপাতত বড় অধ্যায়ের সমাপ্তি ঘটল তাঁর গ্রেফতারিতে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks