...
...
Next Story

সুমিত রায়কে এনকাউন্টার করা হতে পারে! স্ত্রীর বিস্ফোরক অভিযোগে ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

জমি দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে নতুন করে চাঞ্চল্য। এবার তাঁর স্ত্রীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন।

Published on: Nov 14, 2026, 14:00:44 IST
Advertisement

জমি দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে নতুন করে চাঞ্চল্য। এবার তাঁর স্ত্রীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। সুমিতকে পুলিশি হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী সুস্মিতা রায়। এমনকী, তাঁর স্বামীকে এনকাউন্টার করে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই অভিযোগ সামনে আসতেই সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাশাপাশি উস্থি ও কালিতলা থানার কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে।

সুমিত রায়কে এনকাউন্টার করা হতে পারে! স্ত্রীর বিস্ফোরক অভিযোগে ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের (HT_PRINT)
সুমিত রায়কে এনকাউন্টার করা হতে পারে! স্ত্রীর বিস্ফোরক অভিযোগে ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের (HT_PRINT)

জমি দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সুমিত রায়। তদন্তকারীরা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন থেকে শুরু করে ফোনে হওয়া কথোপকথন, সবকিছুই খতিয়ে দেখছেন। দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে, কারা এর সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর মধ্যেই পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুমিতের স্ত্রী। তাঁর অভিযোগ, স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যেই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছিল। পুলিশি হেফাজতে সুমিতের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। জোর করে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এই অভিযোগ নিয়ে সম্প্রতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুস্মিতা। আদালতের কাছে তিনি স্বামীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এবার আরও এক ধাপ এগিয়ে সুমিতের এনকাউন্টার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। সুস্মিতার দাবি, জেলেও তাঁর স্বামীকে ঠিকমতো ঘুমোতে দেওয়া হচ্ছে না। ঘুমের জন্য তাঁকে যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অন্য দিকে, সুমিতের এনকাউন্টার হওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠতেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। তাঁর বক্তব্য, সুমিত রায়কে পুলিশ এনকাউন্টার করবে কেন? তাঁকে মেরে পুলিশের কী লাভ? পুলিশের কোনও লাভ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ সুমিতের নিরাপত্তা নিয়ে স্ত্রীর আশঙ্কাকে কার্যত উড়িয়ে দিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, সুমিত রায়কে ঘিরে জমি দুর্নীতি মামলার তদন্ত ইতিমধ্যেই রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হওয়ার কারণে এই মামলার প্রতিটি পদক্ষেপের উপর নজর রয়েছে রাজনৈতিক মহলের। তদন্তে টাকার লেনদেন এবং ফোনের কথোপকথন খতিয়ে দেখার পাশাপাশি এবার পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগও সামনে এল।

তবে সুমিতের স্ত্রীর তোলা অভিযোগগুলি এখনও প্রমাণিত নয়। মানবাধিকার কমিশনের রিপোর্ট তলবের পর পুলিশের বক্তব্য এবং তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা পড়ার পর কমিশন কী পদক্ষেপ করে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks