...
...
Next Story

Supreme Court: কলকাতা পুরভোটে স্থগিতাদেশ বহাল!মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরানোর প্রস্তাব সুপ্রিম কোর্টের

Kolkata Municipal Election: প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে বুধবার মামলার শুনানি হয়। সেখানে শীর্ষ আদালত প্রস্তাব দেয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়টির বিচার হোক।

Updated on: Nov 25, 2026, 13:12:27 IST
Advertisement

Kolkata Municipal Election: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় এবার মামলাটি ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত পুরভোট স্থগিত থাকবে। বুধবার এই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি, ফলে পুরভোট ঘোষণার (Kolkata Municipal Election) ওপর উচ্চ আদালতের জারি করা স্থগিতাদেশ আপাতত বলবৎ রইল। আগামী সোমবার, ৩০ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি ধার্য হয়েছে।

সুপ্রিম কোর্ট (HT_PRINT)
সুপ্রিম কোর্ট (HT_PRINT)

সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। কলকাতায় ওয়ার্ড ১৪৪ থেকে ২০৯ করার এবং হাওড়ায় ৫০ থেকে ৬৮ করার বিল বিধানসভায় পাস হয়। কলকাতা এবং হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাসের সিদ্ধান্তের পরই বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে আপত্তি ওঠে।এই ওয়ার্ড বিন্যাস নিয়ে আইনি চ্যালেঞ্জ ওঠে— কলকাতার ক্ষেত্রে ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেত্রী দীপু দাস, আর হাওড়ার ওয়ার্ড বিন্যাসকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা মধ্য হাওড়ার বিধানসভা প্রার্থী ইমতিয়াজ আহমেদ। হাওড়ার মামলাটি কলকাতা হাইকোর্টে থাকলেও কলকাতার মামলাটি ঘুরপথে সুপ্রিম কোর্টে পৌঁছায়। তবে বুধবার ইঙ্গিত মিলল যে সেটি আবার কলকাতা হাইকোর্টেই ফিরতে পারে।

এর আগে ৬ নভেম্বর কলকাতার পুরভোট ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে বুধবার মামলার শুনানি হয়। সেখানে শীর্ষ আদালত প্রস্তাব দেয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়টির বিচার হোক। সুপ্রিম কোর্টের বক্তব্য, পুনর্বিন্যাস নিয়ে যে আইনি ও তথ্যগত প্রশ্ন উঠেছে, সেগুলি বিবেচনা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উপযুক্ত নির্দেশ দিতে পারবে। রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাব নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তিনি সোমবার পর্যন্ত সময় চান। সলিসিটর জেনারেল বলেন, ‘ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে।’ সেই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks